রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের প্রতীক্ষার অবসান কি এবার হতে চলেছে? বকেয়া ডিএ (Dearness Allowance) এবং নতুন নিয়োগ নিয়ে জোর জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বকেয়া ডিএ পরিশোধ করা হবে। পাশাপাশি আগামী ২২ জুন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
সোমবার নবান্নে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডিএ সংক্রান্ত ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে বলে তাঁদের দাবি।


বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায় এবং নির্দেশকে সম্মান জানিয়েই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। ফলে ডিএ বকেয়া পরিশোধ নিয়ে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও কবে থেকে বা কীভাবে বকেয়া ডিএ মেটানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
শুধু ডিএ নয়, নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।
এদিন কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে কাটমানি, থ্রেট কালচার এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রতিনিধিদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


তবে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে আগামী ২২ জুনের রাজ্য বাজেট। কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের কথায়, মুখ্যমন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছেন যে বাজেটে সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। সেই কারণেই এখন সরকারি কর্মীদের নজর ২২ জুনের বাজেট অধিবেশনের দিকে।
ডিএ বকেয়া পরিশোধ, নতুন নিয়োগ এবং কর্মচারীদের জন্য সম্ভাব্য আর্থিক সুবিধা— সব মিলিয়ে আগামী বাজেটকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। এখন দেখার, ২২ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের জন্য ঠিক কী ঘোষণা করেন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



