বুধবারই লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে সংসদে ৮ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠকে এই বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে তীব্র মতবিরোধ হয়। বিরোধীরা এই বৈঠক থেকে ওয়াকআউট করেন এবং ভবিষ্যতে এই ধরনের বৈঠকে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
সংসদের বাজেট অধিবেশন প্রায় শেষের পথে। ৪ এপ্রিল অধিবেশন শেষ হওয়ার কথা। তার আগেই ওয়াকফ বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। এর আগে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে আলোচিত হয়, যেখানে বিরোধী দলগুলোর সাংসদরা বিভিন্ন প্রশ্ন তোলেন।
BAC বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি
মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই বিরোধী সাংসদরা ওয়াকফ বিলের উপর ১২ ঘণ্টা আলোচনার দাবি জানান, কিন্তু সরকার পক্ষ মাত্র ৪ ঘণ্টার পক্ষে ছিল। শেষ পর্যন্ত ৮ ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিরোধীরা অভিযোগ করেন যে, BAC বৈঠক সরকারের এজেন্ডা পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, মণিপুর ইস্যু এবং ভোটার কার্ডের এপিক নম্বর সংক্রান্ত বিষয়েও আলোচনা চাওয়া হয়েছিল, কিন্তু সরকার তা মানেনি। এই অবস্থায় বিরোধীরা বৈঠক থেকে ওয়াকআউট করেন।
তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি এইভাবে চলতে থাকে, আমরা ভবিষ্যতে BAC বৈঠকে যাব কি না, তা নিয়ে ভাবতে হবে।”
তিনদিনের মধ্যে বিল পাশের পরিকল্পনা
কেন্দ্রীয় সরকার আগামী তিনদিনের মধ্যেই লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ করানোর পরিকল্পনা করছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, প্রয়োজনে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদও বাড়ানো হতে পারে।
ওয়াকফ বিল নিয়ে সংসদ উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এনডিএ জোটের শরিক দলগুলো এই বিলকে সমর্থন করবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।



