গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচ লক্ষ্মণ? জল্পনার মাঝেই মুখ খুললেন ভিভিএস

জিম্বাবোয়ে সফরে অন্তর্বর্তী কোচ হিসেবে সফল ভিভিএস লক্ষ্মণ। তাঁকে স্থায়ী কোচ করার জল্পনার মাঝেই নিজের বর্তমান ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রাক্তন তারকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টিম ইন্ডিয়া (Team India)-র প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-কে ঘিরে সমালোচনার আবহে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)-এর নাম। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর অনেক ক্রিকেটপ্রেমী লক্ষ্মণকে স্থায়ী প্রধান কোচ করার দাবি তুলেছেন। তবে সেই জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতের প্রাক্তন ব্যাটার।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। এরপর জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে দলের দায়িত্ব নেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর কোচিংয়ে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-এর নেতৃত্বে ভারত সিরিজ জিতে ঘুরে দাঁড়ায়। এই সাফল্যের পরই সামাজিক মাধ্যমে লক্ষ্মণকে স্থায়ী কোচ করার দাবি জোরালো হতে শুরু করে।

তবে এই জল্পনায় জল ঢেলে লক্ষ্মণ জানিয়েছেন, তিনি আপাতত নিজের বর্তমান দায়িত্ব নিয়েই সন্তুষ্ট। তাঁর কথায়, “সিনিয়র দলের কোচ এবং সাপোর্ট স্টাফ ইংল্যান্ড সফর শেষ করেছে। সামনে তাদের টেস্ট সিরিজ রয়েছে। এই সময়টুকু বিশ্রাম দেওয়ার জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি গত চার বছর ধরে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স (BCCI Centre of Excellence)-এর দায়িত্বে আছি এবং এর আগেও একাধিকবার এই ধরনের দায়িত্ব পালন করেছি।”

লক্ষ্মণের এই মন্তব্য থেকে স্পষ্ট, ভারতীয় দলের পূর্ণকালীন প্রধান কোচ হওয়ার বিষয়ে তিনি কোনও আগ্রহ বা ইঙ্গিত দেননি। বরং তিনি জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী দায়িত্ব পালন করাই তাঁর বর্তমান ভূমিকার অংশ।

বর্তমানে লক্ষ্মণ বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India – BCCI) সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবে কাজ করছেন। ২০২১ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। প্রয়োজনে জাতীয় দলের কোচিং স্টাফের অনুপস্থিতিতে ভারতীয় দলের দায়িত্বও সামলান।

আগামী এশিয়ান গেমস (Asian Games)-এও ভারতীয় দলের কোচ হিসেবে লক্ষ্মণকেই দেখা যাবে। উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে তাঁর কোচিংয়েই ভারত ক্রিকেটে সোনার পদক জিতেছিল।

এদিকে, গৌতম গম্ভীর এখনও ভারতীয় দলের প্রধান কোচ হিসেবেই দায়িত্বে রয়েছেন। জিম্বাবোয়ে সফরে তাঁর অনুপস্থিতির কারণ ছিল পূর্বনির্ধারিত সূচি এবং সিনিয়র দলের কোচিং স্টাফের বিশ্রাম। ফলে এই মুহূর্তে প্রধান কোচ পরিবর্তনের বিষয়ে বিসিসিআই-র তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর