১৬ বছর পর কি ফিরছেন কোহলি? বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জোর জল্পনা

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিরাট কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা বাড়ল; BCCI বৈঠকের আগেই নতুন সিদ্ধান্তে ইঙ্গিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলির সম্ভাব্য প্রত্যাবর্তন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকলেও, সিরিজ শেষেই ঘরোয়া ক্রিকেটে নামতে পারেন বিরাট—এমন ইঙ্গিত মিলছে বিসিসিআইয়ের বৈঠকের আগেই। দীর্ঘ ১৬ বছর পর জাতীয় দলের সাবেক অধিনায়কের এই টুর্নামেন্টে খেলা নিঃসন্দেহে বড় খবর হয়ে উঠেছে ক্রিকেটবিশ্বে।

ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে ৬ ডিসেম্বর। তার পরপরই বিসিসিআই বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকছে। সেখানে উপস্থিত থাকবেন কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। জানা যাচ্ছে, দুই সিনিয়র তারকাকে ঘরোয়া ক্রিকেটে ফিরে ফর্ম ও রিদম বজায় রাখার পরামর্শ দেওয়া হবে।

১৬ বছর পর কি ফিরছেন কোহলি? বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জোর জল্পনা

এই পরিস্থিতিতেই সামনে এসেছে বড় আপডেট—বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে কয়েকটি ম্যাচ খেলতে রাজি হয়েছেন। ভারতের জাতীয় ক্রীড়া সূচির সঙ্গে মিল রেখে পরিকল্পনাও নাকি তৈরি করে ফেলেছেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিরাট দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে লন্ডনে ফিরবেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ফের ভারতে এসে দিল্লির হয়ে বিজয় হাজারে খেলতে পারেন।

বিজয় হাজারে ট্রফি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কোহলি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না, কারণ জানুয়ারির ১১ তারিখ থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ফলে কোহলি কেবল বাছাই করা কয়েকটি ম্যাচেই অংশ নিতে পারবেন। তবে তার উপস্থিতি ঘরোয়া ক্রিকেটে বিশাল মনোবল দেবে দিল্লি দলকে।

এখনও পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-কে কোনও আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। তবে বিসিসিআই সূত্রে খবর, আলোচনা ইতিমধ্যেই বেশ এগিয়েছে। ক্রিকেট মহলের দাবি, বোর্ডের চাপ এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বয় করেই হয়তো ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।

বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জোর জল্পনা
বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জোর জল্পনা

১৬ বছর পর বিজয় হাজারেতে ফিরছেন বিরাট?
২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে বিজয় হাজারে ট্রফিতে দাপট দেখিয়েছিলেন তরুণ কোহলি। দিল্লির হয়ে তিনি খেলেছিলেন ১৩টি ম্যাচ, করেছিলেন ৮১৯ রান এবং উঠেছিল ৪টি শতরান। সেই সুবর্ণ সময়ের পর আর কখনও এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। ফলে ১৬ বছর পর তার সম্ভাব্য প্রত্যাবর্তন ভক্তদের কাছে বিশেষ আবেগের।

অস্ট্রেলিয়া সফরের সময়ই নাকি বিরাট নিজের ভবিষ্যৎ সূচি সাজিয়ে ফেলেছিলেন। ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারেও ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বুঝিয়ে দিতে চাইছেন তিনি। নির্বাচকদের মতে, সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া সার্কিটে দেখা গেলে তরুণদের উৎসাহও বাড়ে।

বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে ফিরলে এটি শুধু দিল্লির জন্য নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও বড় ইতিবাচক সংকেত। একদিকে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক দায়িত্বের জন্য প্রস্তুতিও হবে আরও মজবুত।

সমস্ত জল্পনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—বোর্ডের পরামর্শে ‘নতিস্বীকার’ নাকি নিজের ইচ্ছায়? যাই হোক, বিরাটের মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই উত্তেজিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত