ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় বিরাট কোহলির হঠাৎ টেস্ট অবসর নিয়ে ফের নতুন চর্চা শুরু হয়েছে। ২০২৫ সালের মে মাসে তিনি ঘোষণা করেন, ১৪ বছরের টেস্ট কেরিয়ারের ইতি টানছেন। এই সিদ্ধান্তে তখনই স্তম্ভিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর চার মাস পরে এবার কোহলির অবসর নিয়ে মন্তব্য করলেন আফগান রাজনৈতিক মুখ আনাস হাক্কানি।
সম্প্রতি একটি আন্তর্জাতিক পডকাস্টে আনাস হাক্কানি বলেন, “রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আমি বুঝতে পারি। কিন্তু বিরাট কোহলি কেন এত তাড়াতাড়ি অবসর নিলেন তা বোঝা কঠিন। ওঁর মতো ক্রিকেটার বিশ্বে খুব কম। আমি চাইতাম বিরাট অন্তত ৫০ বছর পর্যন্ত খেলে যান।”


আনাসের মতে, ভারতীয় মিডিয়ার চাপে বিরাট কোহলি হয়তো এই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি তুলনা টানেন জো রুটের সঙ্গে, যিনি এখনও সচিন তেন্ডুলকরের টেস্ট রানের রেকর্ড ভাঙার দৌড়ে রয়েছেন। আনাস বলেন, “কোহলির এখনও খেলার মতো পর্যাপ্ত সময় বাকি ছিল। ভারতীয় মিডিয়ার নেতিবাচক মন্তব্য হয়তো তাঁকে ক্লান্ত করে তুলেছে।”
কোহলির অবসর ঘোষণার সময় মাত্র পাঁচ দিনের ব্যবধানে রোহিত শর্মাও টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন। যদিও রোহিতের অবসর নিয়ে আগে থেকেই জল্পনা চলছিল, কিন্তু বিরাট কোহলির হঠাৎ সিদ্ধান্তে অনেকেরই মাথায় আকাশ ভেঙে পড়ে। আনাস হাক্কানিও সেই তালিকায় পড়েন বলে জানান পডকাস্টে।
ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বিরাট কোহলি— কারও পক্ষ থেকেই এই মন্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি। তবে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্কে জড়িয়েছেন। কেউ কেউ মনে করছেন, কোহলির অবসর ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্যদিকে কেউ কেউ আনাসের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছেন।


ভারতের অন্যতম সফল টেস্ট ব্যাটার হিসেবে বিরাট কোহলির রেকর্ড অবিস্মরণীয়। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে তিনি টিম ইন্ডিয়ার হয়ে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অধিনায়ক হিসেবেও দলকে নিয়ে গিয়েছেন শীর্ষে। তাই তাঁর হঠাৎ অবসর ক্রিকেটবিশ্বের কাছে বড় ধাক্কা।
কোহলি নিজের অবসর ঘোষণার সময় জানিয়েছিলেন, পরিবার ও ব্যক্তিগত জীবনে বেশি সময় দিতে চান তিনি। তবে ভক্তদের দাবি, তিনি যেন অবসর ভেঙে আবারও ভারতীয় দলে ফিরে আসেন। এই মুহূর্তে বিরাট কোহলি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।







