নতুন বছরেই গতি ফেরাবে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে বিশ্বকে চমক দিতে পারে দেশ—রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আশার বার্তা—২০২৬ সালে ভারতের জিডিপি বৃদ্ধি পেতে পারে ৬.৬ শতাংশ হারে। সরকারি ব্যয়, সংস্কার ও চাহিদার জোরেই অর্থনীতির চাকা ঘুরবে দ্রুত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মেঘে ঢাকা, তখন ভারতের জন্য এল আশার বড় বার্তা। রাষ্ট্রপুঞ্জের সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে—২০২৬ সালেই আরও জোরে ঘুরতে শুরু করবে ভারতীয় অর্থনীতির চাকা। জিডিপি বৃদ্ধির হার আগের অনুমানের চেয়েও বেশি হতে চলেছে, যা ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির তকমা আরও মজবুত করবে।

United Nations প্রকাশিত World Economic Situation and Prospects 2026 রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে ভারতের জিডিপি বৃদ্ধি হতে পারে ৬.৬ শতাংশ হারে। এর আগে এই বৃদ্ধির পূর্বাভাস ছিল ৬.৪ শতাংশ। শুধু তাই নয়, ২০২৭ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার আরও বেড়ে ৬.৭ শতাংশে পৌঁছতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

রিপোর্টে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা ক্রমশ শক্তিশালী হওয়া এবং সরকারের বাড়তি ব্যয় ভারতের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে। আয়কর হ্রাস, জিএসটি কাঠামো সরলীকরণ এবং সুদের হার কমানোর মতো নীতিগত সিদ্ধান্ত আগামী দিনে অর্থনীতিতে গতি আনবে। এর পাশাপাশি ডিজিটাল পরিকাঠামো, প্রতিরক্ষা ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে সরকারি বিনিয়োগ বাড়ায় বেসরকারি লগ্নিও জোরদার হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণে উঠে এসেছে, গ্লোবাল ইলেকট্রনিক্স সাপ্লাই চেনেও ভারত নিজের জায়গা ক্রমশ শক্ত করছে। উৎপাদন ও রফতানির নতুন সুযোগ তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদে শিল্পক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। এই আবহে ২০২৬ সালে ভারতে মুদ্রাস্ফীতির হার গড়ে ৪.১ শতাংশে পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

উল্লেখযোগ্য বিষয় হল, United States ভারতের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করলেও, তার নেতিবাচক প্রভাব পুরোপুরি পড়বে না বলেই মনে করছে রাষ্ট্রপুঞ্জ। কারণ ইউরোপ ও পশ্চিম এশিয়ার বাজার থেকে জোরালো চাহিদা ভারতীয় রফতানিকে ভারসাম্য দেবে। যদিও ভারতের মোট রফতানির প্রায় ১৮ শতাংশই আমেরিকায় যায়, তবুও ঘরোয়া বাজার ও বিকল্প আন্তর্জাতিক বাজার সেই ধাক্কা সামাল দিতে সক্ষম হবে।

দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে মজবুত থাকলেও ২০২৬ সালে এই অঞ্চলের গড় প্রবৃদ্ধি কিছুটা কমে ৫.৬ শতাংশে নামতে পারে। তবে ২০২৭ সালে তা আবার বেড়ে ৫.৯ শতাংশে পৌঁছনোর সম্ভাবনার কথাও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর