উজ্জ্বলা যোজনার কোটি কোটি গ্রাহকের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার ভর্তুকি কমিয়ে বছরে মাত্র ৪টি এলপিজি সিলিন্ডারে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যেখানে ৯টি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যেত, সেখানে নতুন নিয়মে সেই সংখ্যা অর্ধেকেরও কম হয়ে গেল। জ্বালানির ক্রমবর্ধমান খরচ এবং তেল সংস্থাগুলির বিপুল লোকসানের জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৩৩.৩৭ কোটি এলপিজি গ্রাহক রয়েছেন। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম অনেক বেশি হলেও দেশের গ্রাহকদের তুলনামূলক কম দামে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর বিপুল আর্থিক চাপ তৈরি হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম খানুজা জানিয়েছেন, ১৪.২ কেজির একটি এলপিজি সিলিন্ডারে তেল সংস্থাগুলির প্রায় ৭০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। পাশাপাশি পেট্রল ও ডিজেল বিক্রিতেও উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলিকে। সেই আর্থিক বোঝা কমাতেই ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের প্রায় ১০.৫ কোটি দরিদ্র পরিবার বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পান। করোনা মহামারির সময় এই প্রকল্পের আওতায় বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল। পরে ২০২২ সালের মে মাসে প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি চালু করা হয়, যা ২০২৩ সালের অক্টোবরে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছিল।
প্রথমে বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকির সুবিধা মিলত। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা কমিয়ে ৯ করা হয়। এবার নতুন সিদ্ধান্তে তা আরও কমিয়ে বছরে মাত্র ৪টি সিলিন্ডারে সীমাবদ্ধ করা হলো।
বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে ভারতের এলপিজি আমদানির উপর। বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করতে হওয়ায় সরকারের ভর্তুকি খাতে ব্যয় দ্রুত বেড়ে চলেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে গৃহস্থালী এলপিজি বিক্রিতে তেল সংস্থাগুলির অনাদায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই বিপুল আর্থিক চাপ সামলাতেই ভর্তুকির পরিমাণ কমানোর পথ বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতীয় গ্রাহকরা এখনও অনেক কম দামে রান্নার গ্যাস পাচ্ছেন। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির সম্পূর্ণ প্রভাব সাধারণ মানুষের উপর না চাপিয়ে গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তা সত্ত্বেও উজ্জ্বলা যোজনার ভর্তুকি কমানোর সিদ্ধান্ত দেশের কোটি কোটি উপভোক্তার মাসিক বাজেটে নতুন চাপ তৈরি করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



