উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? ভর্তি হওয়ার আগে সতর্ক না হলে ভবিষ্যৎই প্রশ্নের মুখে পড়তে পারে। দেশজুড়ে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের জাল ছড়িয়ে পড়ায় বড় সতর্কবার্তা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। কমিশনের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ভারতজুড়ে মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় সক্রিয়ভাবে চললেও তাদের ডিগ্রির কোনও আইনি বৈধতা নেই। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও, যা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
UGC স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি UGC আইনের অধীনে স্বীকৃত নয় এবং বিশ্ববিদ্যালয় হিসেবে ডিগ্রি দেওয়ার কোনও আইনগত অধিকার তাদের নেই। ফলে এই সব প্রতিষ্ঠানের দেওয়া ডিগ্রি চাকরি, সরকারি পরীক্ষা কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।


কমিশনের তথ্য অনুযায়ী, গত দু’বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। আগে যেখানে এই সংখ্যা ছিল ২০, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। দেশের মোট ১২টি রাজ্যে ছড়িয়ে রয়েছে এই প্রতারণার নেটওয়ার্ক।
সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সন্ধান মিলেছে রাজধানী দিল্লিতে, যেখানে এক ডজনেরও বেশি এমন প্রতিষ্ঠান চালু রয়েছে বলে জানিয়েছে UGC। উত্তরপ্রদেশে রয়েছে ৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ২টি করে ভুয়ো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে ১টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম নতুন করে যুক্ত হয়েছে তালিকায়।
ভর্তির মরসুম ঘনিয়ে আসতেই শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে UGC। সহজে ডিগ্রি বা কম খরচে পড়াশোনার প্রলোভনে পা দিলে ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে কমিশন।


UGC-র পরামর্শ, কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করতে হবে। অনুমোদনহীন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মানেই সময়, অর্থ এবং ক্যারিয়ার—তিনটিই ঝুঁকির মুখে ফেলা।







