ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি, রাষ্ট্রপতি হওয়ার আগেই স্পষ্ট বার্তা ডোনাল্ড ট্রাম্পের

ভারত ও ব্রাজিলের উপর আমেরিকার করের নীতি কড়া হতে পারে, ট্রাম্পের ইঙ্গিতে উদ্বিগ্ন বাণিজ্য মহল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগেই ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর জন্য কড়া বাণিজ্যিক বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ভারতীয় পণ্যের উপর আমেরিকা বাড়তি শুল্ক চাপাবে। ট্রাম্পের বক্তব্য অনুসারে, ভারত যখন মার্কিন পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তখন আমেরিকাও সমান শুল্ক চাপানোর অধিকার রাখে।

ট্রাম্প বলেন, “যদি কোনও দেশ আমাদের উপর অধিক শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপ করবে।” এই প্রসঙ্গে ভারত ও ব্রাজিলের নাম উল্লেখ করেন তিনি। এছাড়াও হবু বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকও ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, “নতুন প্রশাসনের অধীনে পারস্পরিক সুবিধার নীতিকে প্রাধান্য দেওয়া হবে।”

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই বার্তা ভবিষ্যতে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের সম্পর্ক এখন পর্যন্ত মধুর বলেই জানা গেছে, তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে চাপানউতোর বাড়তে পারে।

উল্লেখযোগ্য যে, মেক্সিকো এবং কানাডার মতো প্রতিবেশী দেশগুলোকেও চড়া হারে শুল্ক আরোপ করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। নতুন প্রশাসন এই নীতি বাস্তবায়ন করলে বিশ্ব বাণিজ্যে তার বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর