কত সম্পত্তির মালিক তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক, কি বলছে হলফনামা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনয় জগতে নিজের প্রতিভা দেখিয়ে অনেক মানুষের মন জয় করেছেন টলি অভিনেতা কাঞ্চন মল্লিক। সম্প্রতি সিনেমার জগৎ থেকে পা রাখেন রাজনীতিতে। রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে নাম লেখান তৃণমূল কংগ্রেসে। দলে যোগ দিয়েই একুশের বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক। হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক তৃণমূলের এই তারকা প্রার্থী?

আরও পড়ুনঃ মন কি বাত নাকি ডাল-ভাত ?’ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ এবং মমতার বিনামূল্যে রেশনের তুলনা অভিষেকের!

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী কাঞ্চনের হাতে রয়েছে নগদ ২৬ হাজার ৬৪২ টাকা। তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে নগদ ২ লাখ ১৯ হাজার ৮২৯ টাকা। এসবিআই ব্যাঙ্কে স্থায়ী আমানত হিসেবে রয়েছে ৫ লাখ ১১ হাজার ৭৪০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে ২৫ হাজার ২৪৪ টাকা আছে। এছাড়াও এইচডিএফসি-র তিনটি ও এসবিআই-এর দু’টি আলাদা অ্যাকাউন্টে রয়েছে মোট ২ লাখ ৫৩ হাজার ১১৯ টাকা। অর্থাৎ তারকা প্রার্থীর মোট ব্যাঙ্ক ব্যালেন্স ৭ লাখ ৯০ হাজার ১০৫ টাকা। স্ত্রী পিঙ্কিও অভিনয় জগতের সাথে যুক্ত। ছোট পর্দার অভিনেত্রী তিনি। পিঙ্কির ব্যাঙ্ক ব্যালেন্স ৭ লাখ ২৯ হাজার ১৪২ টাকা।

এবং ৪০ হাজার টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে তার। এছাড়াও তৃণমূল প্রার্থী কাঞ্চনের একটি ৬ লাখ ৬১ হাজার ৩৪৮ টাকার জীবনবিমাও রয়েছে। এছাড়াও অভিনেতার একটি টয়োটা ইনোভা গাড়ি রয়েছে যার দাম ১৬ লাখ ৭১ হাজার ১৭২ টাকা। ২০১৫ সালে এই গাড়িটি কিনে ছিলেন তিনি। এসবিআই-তে ১ লাখ ৬৯ হাজার ৬২১ টাকার গাড়ির লোন রয়েছে কাঞ্চনের। নেতাজী নগরে কাঞ্চনের নামে একটি ১ হাজার ৫০ বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে। দাম ৯ লাখ ৬০ হাজার ৫৮৮ টাকা। ২০০৫ সালে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। তার ফ্ল্যাটের বর্তমান বাজার দর ৫২ লাখ ৫০ হাজার টাকা। এবার জেনে নেওয়া যাক কত পরিমাণ সোনার অলংকার রয়েছে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর।

১৬ গ্রাম সোনার গয়না রয়েছে কাঞ্চনের, যার ৭৯ হাজার ৪৮০ টাকা। স্ত্রীর কাছে রয়েছে সাড়ে ৫ গ্রাম সোনার গয়না, যার মুল্য ২৬ হাজার ৭৩১ টাকা। এছাড়াও তার সিইএসসি-র সিকিউরিটি ডিপোজিট, টিডিএস এবং মেট্রোপলিটন ক্লাবের সিকিউরিটি ডিপোজিট সব মিলিয়ে মোট ৪ লাখ ৬৭ হাজার ৭৭৬ টাকা রয়েছে। কাঞ্চনের গাড়ির ঋণ ছাড়াও রয়েছে ১৭ হাজার ৩৩৫ টাকার অন্য একটি ঋণও।

হলফনামা অনুযায়ী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লাখ ২১ হাজার ৩২৩ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর পিঙ্কির অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১ লাখ ৪৭ হাজার ৮৮২ টাকা। এবং স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ করা নেই হলফনামায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত