আগামীকালের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে বৃষ্টির দাপট কমলেও সোমবার থেকেই ফের সক্রিয় হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীকালের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বৃষ্টির দাপট কিছুটা কমলেও সোমবার থেকেই ফের সক্রিয় হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে, কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা।

গত কয়েক দিনের দুর্যোগের পর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছিল। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা এবং আরও একটি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

- Advertisement -

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে মৌসুমি অক্ষরেখাটি বাঁকুড়ার উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর থাকা নিম্নচাপ অঞ্চলটি আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে।

এর সঙ্গে গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা বাংলার উপর দিয়ে রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বেশির ভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা রয়েছে।

বুধবারও বৃষ্টির দাপট পুরোপুরি কমবে না। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকবে।

উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের পরিস্থিতি থাকছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হালকা বৃষ্টি চললেও দুর্যোগের তীব্রতা কমতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি একেবারে থেমে যাবে না। ফলে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা মাথায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর