নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই অতি সক্রিয় কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। একের পর এক ঘটনার সরেজমিনে তদন্ত করছেন আধিকারিকরা। বীরভূমের খুনের ঘটনায় আজ আরও এক তৃণমূল কর্মী গ্রেপ্তারের পর এখনো পর্যন্ত CBI-এর তালিকায় রাজ্যের মোট ধৃতের সংখ্যা ১৯ জন।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কাই প্রায়োরিটি! ওয়ার রুম তৈরিতে হেস্টিংস থেকে সরল রাজীবের নেমপ্লেট
দিন কয়েক আগেই ভোট পরবর্তী হিংসা মামলায় খুন এবং ধর্ষণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তার পর থেকেই একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে তদন্ত করছেন আধিকারিকরা। তদন্তে যাতে ভাষা অন্তরায় না হয়ে দাঁড়ায় সেই কারণে ইতিমধ্যে দলে নেওয়া হয়েছে বাঙালি কন্সটেবলদের।
ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাণ হারিয়েছিলেন ইলামবাজারের বাসিন্দা গৌরব সরকার। আজ তাঁর বাড়িতে গিয়েছিলেন CBI-এর আধিকারিকরা। পরিবারের অভিযোগ ছিল ভোটের ফলাফলের দিন, অর্থাৎ ২রা মে বাড়ি থেকে টেনে নিয়ে এনে খুন করা হয়েছিল গৌর বাবুকে।
এর আগেও একজনকে ঘটনার জন্য গ্রেপ্তার করেছিল সিবিআই। আজ ফের গ্রেপ্তার করেছে আরেক তৃণমূল কর্মী দিলীপকে। আজ হুগলী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে CBI। আপাতত ৪ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন ওই তৃণমূল কর্মী। এই গ্রেফতারির পর সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ভোট পরবর্তী হিংসা মামলায় অতি সক্রিয় CBI, এখনো পর্যন্ত রাজ্য থেকে গ্রেপ্তার ১৯।
একইসঙ্গে আজ জগদ্দলেও গিয়েছে CBI এর অপর এক দল। ভোট পরবর্তী হিংসা মামলায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানীতলার ১১ নম্বর গলির বাসিন্দা আকাশ যাদব নিহত হয়েছেন। আজ তিনজন আধিকারিক গিয়েছিলেন আকাশের বাড়িতে। কথাও বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।



