দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত রায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এই কেন্দ্র তাদের দখলে। ২৪-এর নির্বাচনেও তাঁর উপর ভরসা রেখেছে শাসক দল। সিপিএম ছাড়া অন্য কোনও বিরোধী দল এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রে প্রার্থী হওয়ায় চতুর্থবার জয় নিয়ে আশাবাদী তৃণমূলের সৌগত রায় (TMC Candidate Saugata Roy)। কী জানালেন তিনি?



আরও পড়ুন: দুবারের ‘পরাজিত’ গৃহবধূকেই ভরসা বোলপুরে, কেষ্টগড়ে কোন অঙ্কে জিততে চায় বিজেপি?
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এখনও বাম যুব সমাজের কাছে বাড়তি আবেগ। লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকেই টিকিট পেতেন তিনি। শোনা যায়, যাদবপুরের অলিগলি তাঁর চেনা। সেখানকার বাম সমর্থকরাও সুজনের হয়ে প্রচারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে। তবে ২৪-এর ভোটে তাঁকে দমদম থেকে প্রার্থী করেছে বাম নেতৃত্ব। তবে এই সিদ্ধান্তের ফলে যাদবপুরে কিছুটা ধাক্কা খেয়েছে বাম শিবির। কারণ সুজন চক্রবর্তীর কর্মীরা দলের কাজে দমদমে চলে আসবেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের দাবি, এবারও (Dum Dum Loksabha) তারাই জিতবে। খোদ সৌগত রায় বলেছেন, দমদমে সুজন চক্রবর্তী সাধারণ মানুষের কাছে পরিচিত নন, যাদবপুরের কিছু মানুষ চেনেন।

দমদমে সৌগত রায়ের জয় নিশ্চিত করতে ভোটের দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু (দমদমের বিধায়ক), শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অদিতি মুন্সি, মদন মিত্ররা। তাঁদের কথায়, ‘সুজন চক্রবর্তী বাম প্রার্থী হওয়ায় তৃণমূলেরই অ্যাডভান্টেজ হয়েছে।’ তবে বাম নেতৃত্বের বিশ্বাস, ২০১৯ সালে বামের যে বিপুল ভোট রামে গিয়েছে তা অনেকটাই ফেরত আনতে পারবেন সুজন চক্রবর্তী। দমদমে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তৃণমূল-সিপিএমের কর্মী-সমর্থকরা দেওয়াল লিখন সহ নানা প্রচার কর্মসূচি করলেও হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বিজেপির কর্মীদের।


সুজনকে প্রার্থী করে দমদমে সৌগতর জয় নিশ্চিত করল খোদ বামেরাই! কী বলছে রাজনীতির হাওয়া?

উল্লেখ্য, ২০১৯ সালে ৫২ হাজারের কিছু বেশি ব্যবধানে দমদমে হ্যাট্রিক করেছিলেন তৃণমূলের সৌগত রায়। সেইসময় নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোঝাপড়া করেছিল সিপিএম (CPIM)। বামের ভোট রামে চলে যাওয়ায় সিপিএমের ঝুলিতে এসেছিল ১৩.৯ শতাংশ এবং বিজেপির ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৩৮.১১ শতাংশ। আগামী ১ জুন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ, দমদমে শেষ হাসি হাসবে কে? জানা যাবে আগামী ৪ জুন।







