নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের বাকি আর কয়েক মাস। তার আগেই হয়ে গেল সেমিফাইনাল। তিন রাজ্যে গেরুয়া ঝড়। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখল বিজেপি। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে নতুন সরকার গঠনের পথে বিজেপি। ২৪-এর আগে হাত শিবিরের জন্য এটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তবে বিজেপির এই জয়কে তাদের সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তিন রাজ্যে এটা যত না বিজেপির সাফল্য, তার চেয়ে বেশি কংগ্রেসের ব্যর্থতা। ভিন রাজ্যে জিততেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলি নকল করেছে অন্য দল। লোকসভা ভোটে এর প্রভাব পড়বে না। মিলিত ইন্ডিয়া (INDIA) জোটের প্রভাব থাকবে। দেশে বিজেপিকে হারানোর লড়াইতে নেতৃত্ব দেওয়ার দল তৃণমূল কংগ্রেস।’

শাসক দলের আরেক মুখপাত্র তথা দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য জানিয়েছিলেন, “দুঃখের বিষয়, উত্তর ভারতে কংগ্রেসের একটাও ডিকে শিবকুমার নেই। কংগ্রেস তৈরি করতে পারেনি। পারলেও ধরে রাখতে পারেনি। বহুক্ষেত্রে ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হব। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপিকে বিজেপির ভাষায় লড়াই ফিরিয়ে দেওয়ার শক্তি আর কজনের আছে?”

তিন রাজ্যের জয় নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘এই জয় নরেন্দ্র মোদীর হাওয়ার জয়’। আরও বলেন, ‘লোকসভা ভোট আসতে শুরু করেছে। গত ২৯ তারিখে অমিত শাহের সভায় এক অবিস্মরণীয় দৃশ্য দেখা গিয়েছে। অন্যান্য রাজ্যেও ঠিক একই। যত লোকসভা ভোট এগিয়ে আসবে ততই নরেন্দ্র মোদী ভার্সেস অল। সাধারণ মানুষ নরেন্দ্র মোদীর বিপক্ষে অন্যান্য নেতাদের বিচার করবে।
‘ভিন রাজ্যে জিততে মমতার স্কিম নকল করেছে’, BJP-র জয়তে তীব্র আক্রমণ তৃণমূলের

উল্লেখ্য, ফল প্রকাশের আবহেই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকের ডাক দিল কংগ্রেস। সূত্রে খবর, রবিবার সকালেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকের আগ্রহ জানিয়ে বিরোধী নেতাদের ফোন করেছেন। আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হবে রাজধানীতে। কংগ্রেস সভাপতি তৃণমূল, ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের নেতৃত্বকে ফোন করেছেন।



