ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলীয় কর্মিসভায় অনুপস্থিত এবং নিষ্ক্রিয় কাউন্সিলরদের উদ্দেশে তিনি ছুঁড়লেন তীব্র কটাক্ষ। কামারহাটির নজরুল মঞ্চে আয়োজিত কর্মিসভায় মদনের ভাষণ ঘিরে ফের উত্তাল রাজনীতি।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ ও অভিনেত্রী-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরসভার বেশ কিছু কাউন্সিলরের অনুপস্থিতি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র।
পদ কেড়ে নিলে পাড়ার কুকুরও কামড়াবে—তৃণমূল নেতাদের হুঁশিয়ারি মদন মিত্রের!

মদন মিত্র বলেন, “অনেক কাউন্সিলর আছেন, পরপর পাঁচটা মিটিংয়ে আসেননি! কী ভাবছেন হরিদাস পাল? এখনই যদি তৃণমূলের জামাটা গা থেকে খুলে নেওয়া হয় আর কাউন্সিলর পদ সরিয়ে দেওয়া হয়, তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড়াবে!”
এই বক্তব্যে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যান। তিনি জানান, এবার থেকে মিটিংয়ে উপস্থিতির হিসাব রাখা হবে, এবং অনুপস্থিতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক জানান, সভায় উপস্থিত ৪০ শতাংশ মানুষ তৃণমূল সরকারের চাকরিতে রয়েছেন। তার পরেও দলীয় সভায় অনুপস্থিত থাকা “লজ্জাজনক”। মদন আরও বলেন,
“২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করেন তৃণমূল উঠে যাচ্ছে, তখন নেতাদের পায়ে এসে পড়তে হবে!” তিনি ঘোষণা করেন, “প্রতিটি কাউন্সিলরকে তিন দিন অন্তর ওয়ার্ডের রিপোর্ট দিতে হবে। ক’জন কর্মী আসছেন, কোন কাজ হচ্ছে—সব তথ্য এমএলএ অফিসে জমা দিতে হবে।”
মদনের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, কিছুদিন আগেই আইপ্যাককে তোলাবাজ বলায় দল থেকে সতর্কবার্তা পেয়েছিলেন তিনি। এরপর একেবারে চুপ ছিলেন। কিন্তু ফের নিজের বিধানসভা এলাকায় কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে এই হুঁশিয়ারি ফের আলোচনার কেন্দ্রে তাঁকে নিয়ে এসেছে।



