নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতে বোর্ড গঠনের লক্ষ্যে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ করা হয়েছে। তাও আবার খাস কলকাতা থেকে। তৃণমূলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ। মোট চারজন বিরোধী দলের প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে, যাদের মধ্যে তিন জন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের
পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের কাছে একটি গেস্ট হাউসে ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার জন জয়ী প্রার্থী। পঞ্চায়েতের ফলপ্রকাশের পর থেকেই তাঁদের হুমকি এবং নানারকম প্রলোভন দেখানো হচ্ছিল বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। কারণ, কৃষ্ণচন্দ্রপুরে বোর্ড গঠনের জন্য আরও চারজন প্রার্থীর প্রয়োজন ছিল তৃণমূলের। সেই জন্যই তাঁরা তাঁদের এলাকা ছেড়ে গেস্ট হাউসে এসে ছিলেন।

অপহরণ হওয়া প্রার্থীদের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার পর বাইপাস সংলগ্ন এই গেস্ট হাউসের বাইরে পরপর বেশ কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে তৃণমূল নেতারা ছিলেন বলে অভিযোগ। আর তারপর নাকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার জন বিজয়ী প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে, গেস্ট হাউসের মালিক বাপ্পা ঘোষ অপহরণের বিষয়টি স্বীকার করলেও আগ্নেয়াস্ত্র দেখানো নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে, তিনি জানিয়েছেন, বিয়েবাড়ির অনুষ্ঠান আছে বলে ওই চার জন গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছিলেন।

যদিও এই পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে, বিরোধীরা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে সূত্রের খবর। সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি ইতিমধ্যেই পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। তিনি সরাসরি, বাপি নামের এক তৃণমূল নেতার কথা উল্লেখ করেছেন। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতেও রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিক।
বোর্ড গঠনের লক্ষ্যে ‘জয়ী’ বিরোধী প্রার্থীদের ‘অপহরণ’, তৃণমূলের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন কান্তি!




