তৃণমূল ভবন খালি না করায় থানার পথে মন্টু সাহা! সোমবারই জিডি করার সিদ্ধান্ত বাড়ির মালিকের

মেট্রোপলিটনের অস্থায়ী তৃণমূল ভবন চুক্তির মেয়াদ শেষের পরও খালি না হওয়ায় থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক মন্টু সাহা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূল ভবন ঘিরে নতুন বিতর্ক। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দলীয় কার্যালয় খালি না হওয়ায় এবার সরাসরি থানার দ্বারস্থ হতে চলেছেন বাড়ির মালিক মন্টু সাহা। বহু বছর তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ীর এমন পদক্ষেপ রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ার পুরনো তৃণমূল ভবন ভেঙে নতুন আধুনিক পার্টি অফিস তৈরির কাজ শুরু হয়। সেই সময় সাময়িকভাবে বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের একটি বহুতলে দলীয় কার্যালয় স্থানান্তরিত করা হয়েছিল। ওই ভবনের মালিক মন্টু সাহা, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।

মন্টু সাহার দাবি, অফিস ব্যবহারের জন্য যে চুক্তি হয়েছিল তার মেয়াদ ২০২৫ সালেই শেষ হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ভবনটি খালি করা হয়নি। ফলে তিনি নিজের সম্পত্তি ফেরত পেতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার সকালে ছেলে অমিত সাহাকে সঙ্গে নিয়ে মেট্রোপলিটনের ওই কার্যালয়ে যান মন্টুবাবু। সেখানে দায়িত্বপ্রাপ্ত কারও সঙ্গে দেখা করার চেষ্টা করলেও সফল হননি বলে অভিযোগ। পরিবারের দাবি, নিরাপত্তারক্ষীরা তাঁদের বাইরে অপেক্ষা করতে বলেন, কিন্তু কোনও সিদ্ধান্তমূলক আলোচনা হয়নি।

অমিত সাহা জানিয়েছেন, ভবনের রক্ষণাবেক্ষণও ঠিকমতো হচ্ছে না। পাশাপাশি তাঁদের ব্যবসায়িক প্রয়োজনেও জায়গাটি দ্রুত প্রয়োজন। একাধিকবার অনুরোধ করার পরও কোনও সুরাহা না হওয়ায় সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসময় তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে একাধিক দলীয় কর্মসূচির অন্যতম আয়োজক ছিলেন মন্টু সাহা। রাজনৈতিক মহলে তিনি দলঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। সেই কারণেই অতীতে এই ভবনটি দলীয় কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল বলে জানা যায়।

তবে ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি বদলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিরোধীদের অভিযোগ, অতীতে বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুষ্ঠানের কাজের বরাত পাওয়ার বিনিময়ে এই সহযোগিতা হয়েছিল। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মন্টু সাহা।

উল্টে তাঁর দাবি, একাধিক কাজের যথাযথ পারিশ্রমিকও তিনি পাননি। এমনকি একটি ইফতার অনুষ্ঠানের বিপুল অঙ্কের পাওনা এখনও বকেয়া রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এখন নজর সোমবারের দিকে। থানায় জিডি দায়ের হলে তৃণমূল ভবন সংক্রান্ত এই বিরোধ কোন দিকে মোড় নেয় এবং দল কী অবস্থান নেয়, সেটাই রাজনৈতিক মহলের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন