পাঁচ বছর পর টিকটক কি ফের ভারতে ফিরছে? জল্পনা তুঙ্গে

কয়েকজন ইউজারের দাবি, খুলছে টিকটকের ওয়েবসাইট; সরকার জানাল এখনও নিষিদ্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতে আবার কি ফিরছে টিকটক? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয়। সম্প্রতি কয়েকজন ইউজার দাবি করেছেন, তাঁদের ডিভাইসে নাকি টিকটক ওয়েবসাইট খুলছে। আর এতেই জল্পনার সূত্রপাত। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি, এবং গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না।

২০২০ সালে ভারত-চিন সীমান্তের উত্তেজনার পর একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। টিকটকও সেই তালিকায় ছিল, সঙ্গে ছিল UC Browser, Vigo Video, UC News এমনকি জনপ্রিয় গেম PUBG-ও। সরকারের অভিযোগ ছিল, এসব অ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করছে এবং গোপনে ডেটা সংগ্রহ করে নিরাপত্তা বিঘ্নিত করছে।

নিষিদ্ধ হওয়ার আগে টিকটক ছিল ভারতের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ। তথ্য বলছে, ভারতে প্রায় ২০০ মিলিয়ন ইউজার টিকটক ব্যবহার করতেন। শুধু ভিডিও বানানো নয়, বহু তরুণ-তরুণী এই প্ল্যাটফর্মের মাধ্যমে আয়ের সুযোগও তৈরি করেছিলেন। নিষিদ্ধ হওয়ার পর অনেক ক্রিয়েটরের কেরিয়ারই হঠাৎ থমকে যায়।

গালওয়ান সংঘাতের পর ‘ডিজিটাল স্ট্রাইক’-এর আওতায় ভারত সরকার অন্তত ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করে। দেশীয় ডেটা সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল সরকারের তরফে। এরপর থেকেই ভারতে টিকটক বন্ধ হয়ে যায়।

কিন্তু এবার ইউজারদের দাবি, টিকটক ওয়েবসাইটের হোমপেজ নাকি আবার খুলছে। যদিও অন্য কোনও পেজে যাওয়া যাচ্ছে না। এর ফলে আরও জল্পনা ছড়িয়েছে যে, পাঁচ বছর পর টিকটক কি ফের ভারতের বাজারে ফিরতে চলেছে?

সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতে এখনও টিকটক নিষিদ্ধই রয়েছে। অর্থাৎ বর্তমানে অ্যাপটি ব্যবহারযোগ্য নয়। যদিও ভবিষ্যতে ভারতীয় নিয়মনীতি মেনে সংস্থাটি যদি ফের দেশে ফিরতে চায়, তবে তাতে সরকার কী অবস্থান নেয়, সেটিই এখন বড় প্রশ্ন।

একটা সময় ভারতে TikTok-এর জনপ্রিয়তা এতটাই ছিল যে, এটি বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলির মধ্যে জায়গা করে নিয়েছিল। আজও বহু ইউজার আশা করেন, টিকটক ফের দেশে ফিরবে। তবে সরকারি নির্দেশ বহাল থাকায় আপাতত এই সম্ভাবনা কেবল জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত