এবার সায়নী কান্ডে নয়া মোড়, তথাগতের বিরুদ্ধে এফআইআর দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার সায়নী কান্ডে নয়া মোড়, তথাগতের বিরুদ্ধে এফআইআর দায়ের। এবার উল্টো পথে বিতর্ক। ২৪ ঘন্টা আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই অভিনেত্রী সায়নী ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন। এদিন সভা থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানিয়েছেন, ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখুক। বাংলায় ধমকানো যাবে না। সেই হুঁশিয়ারির ১২ ঘন্টার মধ্যেই প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়।

আরও পড়ুনঃ সংসদের ক্যান্টিনে সস্তায় মিলবে না খাবার!

সেই অভিযোগে জানানো হয়েছে, যে ট্যুইট করে সায়নী ঘোষ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠছে তা রিট্যুইট করে একই অপরাধ করেছেন তথাগত রায়। এই এফআইআর দায়ের করেছেন অজয় দে নামে এক ব্যক্তি। এখন দেখার বিষয় এই এফআইআর দায়ের করার পর তথাগত রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন পুলিশ। কিছুদিন আগে, একটি টেলিভিশন শোয়ে টলিউডের অভিনেত্রী সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন, “যে ভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা ভুল। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত।”

এই শোয়ের পর থেকেই বিদ্বেষমূলক নানা হুমকি শুনতে হয় সায়নীকে। এমনকি সায়নীর ওই মন্তব্যের পর তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি নেতা তথাগত রায়। ২০১৫ সালে সায়নীর একটি পুরনো ট্যুইট তুলে ধরে তাঁর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তথাগত রায়। যদিও সায়নীর ওই ট্যুইটটি নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে মুছে ফেলেছেন তথাগত। এখানেই শেষ নয়, সায়নী ঘোষকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন