বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা বিল ২০২৪’ পেশ করল রাজ্য, সমর্থন বিরোধীদের

ধর্ষণের ক্ষেত্রে কড়া বিল আনল পশ্চিমবঙ্গ সরকার। এই বিলের নাম 'অপরাজিতা বিল ২০২৪'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ধর্ষণের ক্ষেত্রে কড়া বিল আনল পশ্চিমবঙ্গ সরকার। এই বিলের নাম ‘অপরাজিতা বিল ২০২৪’। মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করল রাজ্য সরকার। বিরোধী দলের তরফে এই বিলকে সম্পূর্ণ সমর্থন করা হয়েছে।

‘অপরাজিতা বিল ২০২৪’-এ কী কী বলা হয়েছে?

এক, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় ধর্ষণের ক্ষেত্রে অন্তত ১০ বছর কারাদণ্ড বা যা যাবজ্জীবনের কথা বলা হয়েছে। সঙ্গে জরিমানার বিধানও রয়েছে। এবার রাজ্যের সংশোধনী ‘অপরাজিতা বিল ২০২৪’-এ ধর্ষণের সাজা আমৃত্যু কারাদণ্ড। সঙ্গে জরিমানা। এমনকি, মৃত্যুদণ্ডও হতে পারে।

দুই, জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা, পুনর্বাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৪৬১ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সেই জরিমানার টাকা দিতে হবে।

তিন, ভারতীয় ন্যায় সংহিতার ৬৫ ধারা মুছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে ‘অপরাজিতা মহিলা এবং শিশু (পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী) বিল ২০২৪’-এ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৬, ৭০, ৭১, ৭২, ৭৩, ১২৪ ধারাতেও বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

চার, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর আইনের ৪৬ নম্বর ধারার ৩ (এ) উপধারায় নতুন ধারা যোগ করে ‘বিশেষ আদালত’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এমনকি প্রতি জেলায় তৈরি করতে হবে এই আদালত, সেখানে ধর্ষণের মামলার বিচার হবে।

পাঁচ, বিচার করবেন রাজ্যের দায়রা বিচারক বা অতিরিক্ত দায়রা বিচারক। কলকাতা হাই কোর্টের সম্মতি নিয়েই চলবে বিচার।

ছয়, অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করে ধর্ষণের তদন্ত কড়া হবে। সেক্ষেত্রে ৪৬ নম্বর ধারার ৩বি উপধারায় নতুন ধারাকে সংশোধন করার কথা বলা হয়েছে।

সাত, অপরাজিতা বিল অনুযায়ী ধর্ষণের মামলার যতটা সম্ভব তদন্ত করবেন মহিলা অফিসারেরা। তদন্তে ঢিলেমি করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যক্তিরও ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ হাজার পর্যন্ত সাজা হতে পারে।

আট, এফআইআর দায়েরের ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তার মধ্যে তদন্ত শেষ না হলে আরও ১৫ দিন সময় দেওয়া হবে। তবে তার বেশি নয়। চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে বিচার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত