নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের পুর্বে দলবদলের পালা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমন সময়ে ভোটার তালিকায় রোহিঙ্গা ও বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীর অন্তর্ভুক্তির অভিযোগে নতুন উত্তেজনা দানা বাধলো বঙ্গে। কেন্দ্রীয় তথ্য কমিশনারের তরফে রাজ্যভিত্তিক বেআইনি অনুপ্রবেশকারীর তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। ভোটের আগেই এই তালিকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের প্রতি অবমাননার অভিযোগ, লোগো বদলাতে বাধ্য হল ‘মিন্ত্রা’।
রাজ্যের বাসিন্দা উৎপলকুমার রায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন করেছিলেন। আবেদনটি করা হয়েছিল রাজ্যে বেআইনি এবং আইনি অনুপ্রবেশকারীর বর্তমান সঠিক সংখ্যা জানার জন্য। আবেদনের জবাবে তাকে জানানো হয়, তাদের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। তাই তাকে অন্যান্য দপ্তরের কাছে আবেদন জানানোর উপদেশ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেই মতো তিনি কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন। এই বিষয়ে কমিশনের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, এই তথ্য রাখার দ্বায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের।
রাজ্যের অনুপ্রবেশকারীদের তথ্য নথিভুক্তিকরণের ব্যাপারে কেন্দ্রের কিছু করার নেই এবং এই বিষয়ে কমিশনেরও হস্তক্ষেপ করা উচিৎ নয়। কেন্দ্রীয় তথ্য কমিশনার ওয়াই কে সিনহা এর জবাবে জানান, দেশের আইন অনুযায়ী ভারতে বসবাসকারী মানুষকে তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে। নাগরিক, বৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং বেআইনি অনুপ্রবেশকারী। ফরেনার্স আইন, পাসপোর্ট আইন ১৯২০ এবং নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য গুলির।
তাও রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখেই যৌথভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপরও সেই দায়ভার থেকেই যায়। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক তাদের দায়িত্বকে এড়িয়ে যেতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আবেদনকারীকে এই সংক্রান্ত তথ্য দিতে একরকম বাধ্য বলেই জানিয়েছেন ওয়াই কে সিনহা। কেন্দ্রীয় তথ্য কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রককে অবিলম্বে রাজ্যভিত্তিক বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরির এবং নির্বাচনের আগে তা জমা করার নির্দেশ দেন। কমিশন আগামী ৩১ মার্চের মধ্যে মন্ত্রককে একটি রিপোর্টও জমা করারও নির্দেশ দিয়েছেন।



