আইসিসির নতুন পরিকল্পনা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে বিশেষ টেস্ট সিরিজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর টেস্ট ক্রিকেটে আসছে দ্বি-স্তরীয় সিরিজ, আইসিসির আলোচনায় জয় শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে দ্বি-স্তরীয় টেস্ট সিরিজ আয়োজনের কথা ভাবছে আইসিসি। এই তিন শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশের জন্য বিশেষ সিরিজ আয়োজনের প্রস্তাব আইসিসির অন্দরমহলে উঠে এসেছে।

আইসিসি পরিকল্পনা করছে, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকে এই সিরিজ চালু হবে। এতে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করা হবে, যেখানে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে আরও বেশি ম্যাচ আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন।

এর আগে, ২০১৬ সালে আইসিসি এই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। তবে বাংলাদেশ এবং জিম্বাবোয়ের মতো দলগুলি এর বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, এতে ছোট দলগুলোর বড় দলের সঙ্গে খেলার সুযোগ কমবে এবং আর্থিক ক্ষতিও হতে পারে।

তবে বর্তমানে অনেক প্রাক্তন ক্রিকেটার এই সিরিজ চালুর পক্ষে মত দিয়েছেন। রবি শাস্ত্রী এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান ফরম্যাট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিসিসিআইয়ের একজন আধিকারিক জানিয়েছেন, আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করেনি। তবে বোর্ডের বিশেষ সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে।

টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরীয় সিরিজ চালু হলে তা বিশ্ব ক্রিকেটের আকর্ষণ বাড়াতে পারে, তবে ছোট দলগুলোর জন্য এটি চ্যালেঞ্জিং হবে। এখন দেখার বিষয়, আইসিসির প্রস্তাব বাস্তবায়িত হয় কিনা এবং তা কীভাবে ক্রিকেট বিশ্বকে প্রভাবিত করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত