জয় গোস্বামীকে চোর স্লোগান, তসলিমার সভায় হইচই! ‘ভরসা ইন’ বলতে গিয়ে মুখ ফসকে ‘ভরসা আউট’ সঞ্চালকের

রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠান উত্তপ্ত হয়ে ওঠে জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে। বক্তব্য থামিয়ে দেন লেখিকা, আর সঞ্চালকের একটি মন্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার রবীন্দ্রসদন (Rabindra Sadan)-এ লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)-কে সংবর্ধনা অনুষ্ঠানে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। কবি জয় গোস্বামী (Joy Goswami)-কে মঞ্চে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে দর্শকদের একাংশের হইচই শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে নিজের বক্তব্য মাঝপথেই থামিয়ে দেন তসলিমা। এরই মধ্যে দর্শকদের শান্ত করতে গিয়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক।

অনুষ্ঠান চলাকালীন জয় গোস্বামীকে মঞ্চে আসার আহ্বান জানানো হলে সভাকক্ষে উপস্থিত দর্শকদের অনেকেই আপত্তি জানাতে থাকেন। চোর চোর স্লোগানও শুনতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই শুরু হয় হইচই। পরিস্থিতি দেখে তসলিমা নাসরিন কিছুক্ষণের জন্য বক্তব্য বন্ধ করে দেন। জয় গোস্বামীও মঞ্চের দিকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত আর ওঠেননি। তিনি নিজের আসনেই ফিরে যান।

ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় মাইক্রোফোন হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক। তিনি উপস্থিত দর্শকদের শান্ত থাকার আবেদন জানান এবং অনুষ্ঠান নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন ‘ভরসা ইন’ হয়েছে। তবে কথার মাঝেই তাঁর মুখ ফসকে প্রথমে বেরিয়ে আসে ‘ভরসা আউট’।

মন্তব্যটি উচ্চারণ করার পরই সঞ্চালক নিজেকে সংশোধনের চেষ্টা করেন। কয়েক মুহূর্ত থেমে ‘ভরসা… ভরসা…’ বলতে বলতে তিনি শেষ পর্যন্ত ‘ভরসা ইন’ শব্দবন্ধ ব্যবহার করেন। পাশাপাশি তাঁর বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গে ‘জারের শাসন’ শেষ হয়েছে এবং সবাইকে শান্তভাবে বসে অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানান তিনি। দর্শকদের উদ্দেশে তাঁকে কড়া সুরেও কথা বলতে দেখা যায়।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য অনুষ্ঠান থমকে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান এগিয়ে চলে। তবে জয় গোস্বামীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সঞ্চালকের ‘ভরসা আউট’ মন্তব্য ঘিরে মুহূর্তটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দেখুন ভিডিও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন