টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত বনাম নিউজিল্যান্ড—এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। ক্রিকেটীয় পরিসংখ্যানের পাশাপাশি এবার সামনে এসেছে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যাও। ভাগ্য কি ভারতের পক্ষে থাকবে, নাকি গ্রহ-নক্ষত্রের প্রভাবে বদলে যাবে ম্যাচের সমীকরণ—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে।
রবিবার আহমেদাবাদের মাঠে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচকে ঘিরে জ্যোতিষ বিশ্লেষণ সামনে এনেছেন জ্যোতিষী মৃগাঙ্ক ভট্টাচার্য। তাঁর মতে, ম্যাচের দিন ৮ মার্চ এবং এই তারিখটি শনির সঙ্গে সম্পর্কিত। ফলে ম্যাচে শনির প্রভাব প্রবল হতে পারে। ভারতের নীল জার্সি এবং নিউজিল্যান্ডের কালো জার্সি—দুটি রংই শনির প্রতীক হওয়ায় ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে ক্রিকেটারদের মানসিকতা ও আচরণের উপর। অতিরিক্ত আগ্রাসন দেখালে বিপরীত ফল হতে পারে, বরং যে দল সংযম ধরে রাখবে তারাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে।


তবে জ্যোতিষীর মতে, শনির প্রভাব ভারতের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। ম্যাচ চলাকালীন বিশেষ করে অষ্টম এবং ১৮তম ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাঁর মতে, এই দুই ওভারেই এমন কিছু ঘটতে পারে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারেই প্রায় স্পষ্ট হয়ে যাবে কোন দল জয়ের দিকে এগোচ্ছে।
মৃগাঙ্ক ভট্টাচার্যের মতে, যদি প্রথমে ব্যাট করা দল ১৮০ থেকে ১৯০ রানের মধ্যে স্কোর দাঁড় করাতে পারে, তবে সেই দল অনেকটাই এগিয়ে থাকবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, বৃহস্পতির প্রভাব কিছুটা নিউজিল্যান্ডের দিকে ঝুঁকে রয়েছে। সেই কারণে ফাইনালে কিউয়িদের জয়ের সম্ভাবনাও প্রায় ৪৫ শতাংশ বলে মনে করছেন তিনি।
ভারতের দলে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। গোটা টুর্নামেন্টে অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীর অফ ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। তবে অভিষেককে নিয়ে আশাবাদী জ্যোতিষী। তাঁর মতে, এতদিন ব্যর্থ হলেও ফাইনালে অভিষেক গুরুত্বপূর্ণ রান করতে পারেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের ভাগ্যও নাকি এই ম্যাচে সহায় হতে পারে।


একই সঙ্গে তিনি মনে করছেন, সঞ্জু স্যামসনের কাছ থেকেও বড় ইনিংস দেখা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় তাঁর বৃহস্পতির অবস্থান অনুকূলে রয়েছে বলেই এমন সম্ভাবনা।
তবে বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করছেন তিনি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বরুণের জীবনে বর্তমানে ‘সাড়ে সাতি’ চলছে। ফলে কঠোর পরিশ্রম করলেও প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে ফাইনালেও তাঁর পারফরম্যান্স নিয়ে সংশয় থাকছে।
ফাইনালে ভারতের হয়ে তিন নম্বরে যে ব্যাট করতে নামবে, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মত জ্যোতিষীর। পাশাপাশি দুই দলের ছয় নম্বর ব্যাটারও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন, যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সুযোগ পায়, তাহলে তাদের জয়ের সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে।







