বিশ্বকাপের আগে ছবি প্রায় পরিষ্কার! টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন কেমন হবে?

নিউজিল্যান্ড সিরিজেই পরিষ্কার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ কম্বিনেশন। অভিষেক–ঈশান ওপেনিং, মিডল অর্ডারে সূর্য–তিলক, বোলিংয়ে বুমরাহ–বরুণই ভরসা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামার আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতি যে কার্যত সম্পূর্ণ—নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই তার সবচেয়ে বড় প্রমাণ। এই সিরিজে একের পর এক প্রশ্নের উত্তর মিলেছে, পরিষ্কার হয়েছে প্রথম একাদশের চেহারা। অধিনায়ক সূর্যকুমার যাদব-এর হাত ধরে বিশ্বকাপে যে ১১ জন নামবেন, তাঁদের তালিকা এখন প্রায় চূড়ান্ত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ওপেনিং নিয়ে জল্পনার অবসান হয়েছে। গত এক বছর ধরে বিস্ফোরক ফর্মে থাকা অভিষেক শর্মা-র জায়গা একেবারেই পাকা। নিউজিল্যান্ড সিরিজেও একই আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন তিনি। প্রশ্ন ছিল, তাঁর সঙ্গে ওপেন করবেন কে? সেই উত্তর দিয়েছেন ঈশান কিষাণ নিজেই—৪২ বলে বিধ্বংসী সেঞ্চুরি করে। ১০টি ছক্কা ও ৬টি চারে সাজানো ১০৩ রানের সেই ইনিংসের পর বিশ্বকাপে অভিষেক–ঈশান ওপেনিং জুটি প্রায় নিশ্চিত।

এর উল্টো চিত্র সঞ্জু স্যামসন-এর ক্ষেত্রে। ওপেনার হিসেবে সুযোগ পেলেও পাঁচ ম্যাচে মাত্র ৪০ রান—শেষ ম্যাচে নিজের হোম গ্রাউন্ডে নেমে ৬ রানে আউট। ফলে প্লেয়িং ইলেভেনে তাঁর জায়গা পাওয়া এখন কার্যত অনিশ্চিত।

মিডল অর্ডারে তিন নম্বরে ব্যাট করবেন তিলক বর্মা। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে না খেললেও, গত দু’বছরে তাঁর ধারাবাহিকতা প্রশ্নাতীত। অভিষেকের পরে তিন নম্বরে নেমে ১৫ ইনিংসে ৬০.২২ গড়ে ৫৪২ রান—এই পরিসংখ্যানই তাঁর গুরুত্ব বোঝায়। চার নম্বরে খেললেও গড় ৫৪-এর বেশি। পুরোপুরি ফিট হয়ে খুব শিগগিরই তিনি দলে যোগ দেবেন।

চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০২৬ সালের শুরুতেই দুরন্ত ফর্মে ফেরা সূর্য নিউজিল্যান্ড সিরিজে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। পাঁচ ম্যাচে ৮০.৬৭ গড় ও ১৯৬.৭৫ স্ট্রাইক রেটে ২৪২ রান—২৫টি চার ও ১৪টি ছক্কা। বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় স্বস্তি।

পাঁচ নম্বরে জায়গা পাকা রিঙ্কু সিং-এর। তাঁর পরে অলরাউন্ডার হিসেবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী হার্দিক পান্ডিয়া বা শিবম দুবে—যে কোনও একজন খেলতে পারেন।

বোলিং কম্বিনেশনেও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রধান স্পিনার হিসেবে থাকবেন বরুণ চক্রবর্তী। তাঁর সঙ্গে অষ্টম বোলার হিসেবে সুযোগ পাবেন অক্ষর প্যাটেল অথবা কুলদীপ যাদব—পিচ ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। পেস আক্রমণের দায়িত্বে থাকবেন জশপ্রীত বুমরাহঅর্শদীপ সিং। প্রয়োজনে তৃতীয় পেসার হিসেবে হার্দিক বিকল্প হবেন।

সব মিলিয়ে, নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ কম্বিনেশন এখন প্রায় স্পষ্ট—এ বার শুধু মাঠে তার বাস্তব রূপ দেখার অপেক্ষা।

সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া/শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত