চোট লুকিয়েই খেলেছিলেন অভিষেক? বিশ্বকাপের মাঝেই সামনে এল চাঞ্চল্যকর দাবি

বিশ্বকাপ শুরুর আগে হাতে চোট পেয়েও খেলেছিলেন অভিষেক শর্মা— এমন দাবি ঘিরে বিতর্ক। খারাপ ফর্মের পিছনে কি লুকিয়ে ছিল শারীরিক সমস্যা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলে নতুন বিতর্ক। ওপেনার অভিষেক শর্মাকে ঘিরে উঠে এল এমন এক তথ্য, যা সমর্থকদের মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। দাবি করা হচ্ছে, টুর্নামেন্ট শুরুর আগেই হাতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি, এমনকি সেলাইও পড়েছিল। তবু সেই তথ্য প্রকাশ্যে না এনে তাঁকে খেলানো হয় প্রথম ম্যাচেই— আর তারপর থেকেই ব্যাট হাতে ব্যর্থতার ধারা যেন থামছেই না।

২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিষেক শর্মার পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও পৌঁছয়নি। চার ম্যাচে তাঁর মোট রান মাত্র ১৫। গ্রুপ পর্বের তিন ম্যাচেই শূন্য রানে আউট হন তিনি। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৫ রান করলেও বড় ইনিংস এখনও অধরা।

রিপোর্ট অনুযায়ী, দলের অফিসিয়াল ফটোশুট চলাকালীন তাঁর হাতে গুরুতর কেটে যায় এবং সেখানে সেলাই করতে হয়। এত বড় চোট থাকা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁকে মাঠে নামানো হয়। সেই ম্যাচে অবশ্য শূন্য রানেই ফিরতে হয় ভারতীয় ওপেনারকে।

চোট নিয়ে খেলানোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলানো হয়নি। তখন দলীয় সূত্রে জানানো হয়েছিল, পেটের সংক্রমণের কারণে তিনি অনুপস্থিত। পরে জানা যায়, আমেরিকার ম্যাচের পর অসুস্থতা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতেও হয়েছিল।

চিকিৎসার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ফের দলে ফিরে আসেন। কিন্তু চোটের এই নতুন তথ্য সামনে আসতেই সমর্থকদের একাংশ মনে করছেন, শারীরিক সমস্যাই হয়তো তাঁর খারাপ ফর্মের অন্যতম কারণ।

এখন নজর একটাই— গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিষেক কি দ্রুত ছন্দে ফিরতে পারবেন, নাকি এই চোট ভারতের ব্যাটিং পরিকল্পনাকেই বড় ধাক্কা দেবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন