নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তারপর থেকে এক বছর হতে চলল সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বেহালার মানুষ। অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরিয়ে পুনরায় নির্বাচনের দাবিতে সরব হয়েছে বাম যুব নেতৃত্ব। রবিবার বেহালার LIC মোড়ে ক্যাম্প করে জনমত সংগ্রহ শুরু করে তারা। এবার তা নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পার্থকে সিপিএম জিতিয়েছে।
আরও পড়ুনঃ TMC: পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দলীয় কার্যালয় পুড়ে ছাই, জনরোষ বলছে বিরোধীরা!


এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পার্থকে জিতিয়েছে সিপিএম। ২০২১ সালের নির্বাচনে ওরা নো ভোট টু মমতা বলেনি। ওরা বলেছে নো ভোট টু বিজেপি। পার্থকে ইস্তফা দিতে হবে না। বিজেপি পার্থকে সরাবে। আমরা পার্থকে সরাব। এখন সিপিএমের আর রাম নাম করে লাভ নেই।

পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন জারি রেখেছে বামেরা। প্রায় ১০ মাস ধরে জেলবন্দি থাকার পরে তাঁকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিধায়ক পদে এখনও রয়েছেন পার্থ। তৃণমূল দাবি করছে দুর্নীতির প্রতি তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। তাহলে তাকে এখনো পদত্যাগ করানো হল না কেন? সঙ্গে বামেদের প্রশ্ন, বেহালার মানুষ বিধায়কের পরিষেবা পেতে প্রেসিডেন্সি জেলে যাবে না কি?
পার্থকে সিপিএম জিতিয়েছে, আক্রমণ শানালেন শুভেন্দু

এবিষয়ে সিপি(আই)এম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, আমরা ভাগ্যবান যে তৃণমূল এখানে এসে আমাদের ভোট লুঠ করেনি। বেহালার কোটি কোটি টাকা চুরি হয়েছে, মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে?যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। আমরা জানি ১০০ জন বিধায়কের নেতৃত্বে এই চুরি হয়েছে।









