নজরবন্দি ব্যুরোঃ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া অভিযোগ উঠল। শনিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়াতে। ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক্তারপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, চোপড়া থেকে বার্তা অভিষেকের
তৃণমূলের দলীয় কার্যালয়ে ‘আগুন’ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গভীর রাতে ঘটনার কথা শুনে ঘটনাস্থলে চলে আসে ভূপতিনগর থানার পুলিশ। এলাকার তৃণমূল কর্মীরা বাড়ি থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়টি। তৃণমূলের কর্মীরা এগিয়ে এলেও আগুন নেভাতে এগিয়ে আসেনি সাধারণ মানুষ।

জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বোম ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র জানিয়েছেন, “ভগবানপুর বিধানসভার মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে আশীর্বাদ করেছেন। পঞ্চায়েত ভোটে পরাজয় নিশ্চিত জেনে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে তৃণমূল।”

বিরোধী দলের কথায় আগাগোড়া দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল। বুঝতেই পারছে পঞ্চায়েত নির্বাচনে জনগনের সমর্থন নেই তাদের দিকে। জনরোষ আছড়ে পড়বে ভোটবাক্সে। সেই কারনেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে রাজ্যের শাসক দল। বলে দাবি বিরোধীদের।
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দলীয় কার্যালয় পুড়ে ছাই, জনরোষ বলছে বিরোধীরা

উল্লেখ্য, কিছুদিন আগে পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লেগেছিল। তার পিছনেও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাব। পুড়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথিও। প্রথমে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।



