নজরবন্দি ব্যুরোঃ পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশেও স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ইডি, সিবিআই যে তদন্ত করছে, সেই নির্দেশে এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে আপাতত এক সপ্তাহের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রমোটার অয়ন শীলের ফ্ল্যাট থেকে প্রচুর নথি উধার করেছিল ইডি। সেই নথির মধ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতি সম্পর্কিত তথ্য রয়েছে। এমনটা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিল ইডি। সেই অভিযোগ পাওয়া মাত্রই তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

প্রুসভায় নিয়োগ দুর্নীতিতে কোটি টাকা নয়ছয়ের অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয়ে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের কাছ থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠায় ইডিও। ইসিআইআর নথিভুক্ত করতে সিবিআইয়ের কাছে পুর দুর্নীতি নিয়ে এফআইআর চায় ইডি। আপাতত কাঁচড়াপাড়া, নিউ ব্য়ারাকপুর, কামারহাটি, বরানগর, টিটাগড়, হালিশহর পুরসভা রয়েছে ইডির স্ক্যানারে। এছাড়া আরও ৩০ টি পুরসভার তথ্য নিয়েও নাড়াচাড়া করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সেই রায়ে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। যার ফলে নিয়োগ দুর্নীতির পর আরও একবার প্রশ্নের মুখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও এক নির্দেশ।


পুরসভার নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ, সুপ্রিম সিদ্ধান্ত ঘিরে জল্পনা

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানো হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। যা নিয়ে বিতর্ক এখনই অবসান হচ্ছে না।








