সমস্যায় পড়তে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা! কর্মবিরতি নিয়ে উষ্মা প্রকাশ সুপ্রিম কোর্টের

আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং-এর কাছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, জুনিয়র চিকিৎসকেরা সমস্ত রকম পরিষেবা দিচ্ছেন কিনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় টানা ৪২ দিন কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকেরা। অবশেষে রাজ্য সরকারের তরফে তাঁদের সিংহভাগ দাবি মেনে নেওয়া হলে কাজে ফেরেন তাঁরা। কিন্তু এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। তারপর থেকে ফের একবার কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এমনকি আজ সুপ্রিম কোর্টে মনোঃপূত শুনানি না হলে সমস্ত সরকারি হাসপাতালে কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারিও দেন তাঁরা।

আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং-এর কাছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, জুনিয়র চিকিৎসকেরা সমস্ত রকম পরিষেবা দিচ্ছেন কিনা। তখন ইন্দিরা জানান, জুনিয়র চিকিৎসকরা সব রকম কাজ করছেন। সেক্ষেত্রে তীব্র আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। তাঁরা বলে, বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা বন্ধ আছে কেবলমাত্র জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে। সেখানে সদুত্তর দিতে পারেননি ইন্দিরা।

এই কথা শোনার পর কিছুটা বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি সাফ বলেন, জুনিয়র চিকিৎসকদের সমস্ত রকম পরিষেবা দিতে হবে। আর এই বিষয়টি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরাকে নিশ্চিত করতে বলেন। ঠিক এরপরেই জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের আইনজীবী করুণা নন্দী সাগর দত্ত মেডিকেল কলেজের বিষয়টি তুলে ধরেন। সেখানেও প্রধান বিচারপতি বলেন, একটা হাসপাতাল দিয়ে আপাতত গোটা রাজ্যের পরিস্থিতি বোঝা সম্ভব নয়, জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে কাজে ফিরতে হবে।

অন্যদিকে, রাজ্যকেও তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে, সমস্ত প্রতিশ্রুতি জুনিয়র চিকিৎসকদের দেওয়া হয়েছিল। তা দ্রুততার সঙ্গে পূরণ করতে হবে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তার খাতিরে আরও বাড়তি পুলিশ মোতায়েন এবং পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য আলাদা আলাদা ডিউটি রুম তৈরি করে দিতে হবে। রাজ্যের তরফে বলা হয়েছে, এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত