দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শান্তিপুর যাওয়ার পথে ঘটল এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ায় বাবলা বাইপাসের কাছে। ১২ নম্বর জাতীয় সড়ক ধরে শান্তিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। জানা যাচ্ছে, মাথায় চোট পেয়েছেন সুকান্ত। আঘাত পেয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও।
জানা যাচ্ছে, রবিবার বিকেলে ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা। জানা যাচ্ছে, সুকান্তর কনভয়ের সামনে ছিল একটি বাস। সেই বাসটিকে পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করতে গিয়ে পুলিশের ব্যারিকেডের সঙ্গে সেখানেই ধাক্কা খায় কনভয়ের সামনে থাকা একটি গাড়ি। আঘাতের প্রতিঘাতে পেছনের গাড়িগুলোতেও ধাক্কা লাগে। আচমকা ব্রেক কষায় আঘাত লাগে সুকান্ত মজুমদারের।
দুর্ঘটনার কবলে সুকান্ত, চোট মাথায়, শান্তিপুর যাওয়ার পথে এই বিপত্তি
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে গাড়ির বনেট থেকে পড়ে চোট পেয়েছিলেন সুকান্ত মজুমদার। এরপর তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল। দু’দিন সেখানে ভর্তি থেকেছিলেন তিনি। এরপর যদিও সুস্থ হয়ে রাজনৈতিক কর্মসূচিতে স্বাভাবিকভাবেই অংশ নেন সুকান্ত মজুমদার।
দুর্ঘটনার কবলে সুকান্ত, চোট মাথায়, শান্তিপুর যাওয়ার পথে এই বিপত্তি
কয়েকদিনের ব্যবধানেই ফের একবার আঘাত পেলেন বিজেপি রাজ্য সভাপতি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সুকান্ত মজুমদার মাথায় চোট পেলেও তাঁর চোট ততটা গুরুতর নয়। কিন্তু তাঁর নিরাপত্তারক্ষীরা বেশ ভালো রকম ভাবেই জখম হয়েছেন।
রবিবার আবার চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। সামাজিক মাধ্যমে সে ব্যাপারে তিনি লিখেছেন, “কলকাতায় শহীদ মিনারের পাদদেশে মাসের পর মাস যে DA এবং চাকরিপ্রার্থীরা নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছেন, তাদের লড়াইয়ে সামিল হলাম আজ… রাজ্য সরকার যদি মানুষের অধিকার নিয়ে ছেলেখেলা করে, তাহলে মানুষ তাদের লড়াইয়ে সর্বদা ভারতীয় জনতা পার্টিকে পাশে পাবে…”