শুক্রবার জুম্মার নমাজ চলাকালীন আবারও ভয়াবহ হামলার শিকার হল পাকিস্তান। রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি। শতাধিক মানুষ গুরুতর আহত। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, শুরু হয়েছে জোরদার তদন্ত।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার মসজিদে দুপুরের দিকে এই আত্মঘাতী হামলা হয়। জুম্মার নামাজের সময় বহু মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।
ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গিকে মসজিদের প্রবেশপথের সামনে আটকে দেওয়া হয়েছিল। সেই সময়ই সুইসাইড ভেস্ট পরা ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।
পুলিশ আধিকারিক জাফর ইকবাল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বহু আহতকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখযোগ্য ভাবে, এই হামলার সময়ই পাকিস্তানে সফরে রয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ। তাঁর দুই দিনের সরকারি সফরের মধ্যেই এই বিস্ফোরণ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে অতীতেও শিয়া মসজিদে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও পঞ্জাব প্রদেশে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও সুন্নি জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ সূত্রে খবর, হামলাকারী এক বিদেশি নাগরিক এবং তার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে যোগ থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।



