নজরবন্দি ব্যুরোঃ আবেদনে সাড়া, করোনা যোদ্ধা হিসেবে ব্যাঙ্ককর্মীদের টীকাকরণের সিদ্ধান্ত রাজ্যের। করোনার মারণ কামড়ে কাবু গোটা দেশ। দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমে এলেও এখনও যে অনেক লড়াই বাকি তা মানছেন সকলেই। দেশের বেশিরভাগ রাজ্যে লাগাতার কড়া লকডাউন ও নাইট কার্ফুর সুফল দেশ পেতে শুরু করেছে বলেই মনে করছে চিকিৎসামহল। অন্যান্য রাজ্যের মত এরাজ্যও ১৫ দিনের প্রায় সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে।
আরও পড়ুনঃ ভারাক্রান্ত প্রধানমন্ত্রী, করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ধরে এল গলা।
জরুরি কিছু বিভাগ ছাড়া সমস্ত কিছুই আগামী ৩০শে মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই জরুরি পরিসেবার অন্যতম হল ব্যাঙ্কিং। ব্যাঙ্ক সেক্টর প্রতিদিন ১০ টা থেকে ২ টো পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। করোনার চরম সংক্রমণের মধ্যে ব্যাঙ্কের কর্মীরা কাজ করা নিয়ে কিছুটা আতঙ্কিত। এমন অবস্থায় করোনার যোদ্ধা হিসেবে তাদের গন্য করে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার এই মর্মে আবেদন জানিয়ে রাজ্যের কাছে চিঠি পাঠিয়েছিল ব্যাঙ্ক অফিসারস সংগঠনগুলি।
তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনা যোদ্ধা হিসেবে এবার তাদের দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করতে চলেছে রাজ্য। আজই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর খুব শীঘ্রই কলকাতা পুরসভা ও অন্যান্য জেলা পুরসভাগুলিতে ব্যাঙ্ককর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
আবেদনে সাড়া, করোনা যোদ্ধা হিসেবে ব্যাঙ্ককর্মীদের টীকাকরণের সিদ্ধান্ত রাজ্যের। সরকারের এই সিদ্ধান্তে কার্যতই খুশি রাজ্যের ব্যাঙ্ক মহল। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হোক। কারন দেশ বিদেশের চিকিৎসকরা জানিয়েছেন করোনা রুখতে দীর্ঘকালীন সমাধান একমাত্র টীকা করণ।



