ওয়েনাড়ে বিপর্যস্তদের পাশে তারকা আল্লু অর্জুন, দিলেন অর্থ সাহায্য

জ্যোতিকা, কার্থি ও সূর্য-সহ বহু অভিনেতা ত্রাণ দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভূমিধসের জেরে কেরলের ওয়েনাড় মৃত্যুপুরীর রূপ নিয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এই দুরবস্থার মধ্যে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন দক্ষিণের চলচ্চিত্র জগতের তারকারা। জ্যোতিকা, কার্থি ও সূর্য-সহ বহু অভিনেতা ত্রাণ দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। মালয়ালম তারকা জুটি ফাহাদ ফাসিল ও নজ়রিয়া নাজ়িম দু’জনে মিলে ২৫ লক্ষ টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

তামিল অভিনেতা বিক্রমও বিপর্যস্তদের জন্য ২০ লক্ষ টাকা দান করেছেন। বিক্রমের ম্যানেজার সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন। মালয়ালাম অভিনেতা মাম্মুট্টি এবং তাঁর ছেলে দুলকের সলমনও ৩৫ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণে। এবার সেই দলে নাম লেখালেন অল্লু অর্জুন। রবিবার দুপুরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তেলুগু তারকা।

তিনি লেখেন, “ওয়েনাড়ের সাম্প্রতিক ভূমি ধসের কারণে হওয়া বিপর্যয়ে আমি গভীর ভাবে মর্মাহত। কেরল থেকে আমি সব সময় ভালবাসা পেয়েছি। সামান্য সাহায্য হিসেবে ২৫ লক্ষ টাকা দান করতে চাই কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, পুনর্বাসনের জন্য।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেরলের বিপর্যস্ত এই জেলা পরিদর্শনের যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ওয়েনাড়ের প্রাক্তন সাংসদও।

ওয়েনাড়ে বিপর্যস্তদের পাশে তারকা আল্লু অর্জুন, দিলেন অর্থ সাহায্য

মঙ্গলবার ভোরে ওয়েনাড়ে ধস নেমে মারা গিয়েছেন শতাধিক জন। বৃহস্পতিবার বোন প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে ওয়েনাড় পরিদর্শনে গিয়ে রাহুল জানান, গোটা ঘটনা ‘বেদনাদায়ক’। ‘‘ওয়েনাড়, কেরল এবং গোটা দেশের জন্য এটা একটা ট্র্যাজেডি। বহু মানুষ নিজের পরিজন এবং ঘরবাড়ি হারিয়েছেন। দেখে খুব কষ্ট হচ্ছে। আমরা সাহায্যের চেষ্টা করছি। যাঁরা জীবিত, তাঁরা যাতে বঞ্চিত না হন, সে দিকে নজর রাখছি।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন