নজরবন্দি ব্যুরো: সামনেই বিধানসভা ভোট। আর এই ভোটের আগেই আদিবাসী মন জয়ের চেষ্টা রাজ্য সরকারের। সোমবার স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল। আর এই প্রথম সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার সরকার।
আরও পড়ুন: দিনের পর দিন তাঁর ও পরিবারে বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করলেন সৌমিত্র খাঁ।


প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। এদিকে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই অল চিকি ভাষার প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের বই রয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম,বীরভূমের বেশ কিছু অংশে সাঁওতালি মাধ্যম স্কুল রয়েছে। প্রায় ৫০০ টির মতো শূন্য পদে রয়েছে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে। উচ্চ প্রাথমিক,নবম-দশম, একাদশ- দ্বাদশ মিলিয়ে এই সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এক্ষেত্রে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য সোমবারই নয়া শিক্ষক নিয়োগের বিধিও জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।
সোমবার সাঁওতালি মাধ্যমের শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নয়া বিধি জারি করেছে। দেখুন…
১) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না কোন ইন্টারভিউ। ভেরিফিকেশনের মতো সময়সাপেক্ষ প্রক্রিয়াও বাদ রাখার সিদ্ধান্ত ৷ ভেরিফিকেশন পদ্ধতির কারণে নিয়োগ প্রক্রিয়ায় অযথা সময় ব্যয়ও কমবে বলে মত কমিশনের ৷


২) এবার থেকে অ্যাকাডেমিক স্কোরের কোনও জায়গা থাকছে না। কারণ এই স্কোরের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল ৷ তাই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল অ্যাকাডেমিক স্কোরের জায়গা ৷
৩) টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট এবং প্রিলিমিনারি টেস্ট এই দুটির ওপরই নির্ভর করেই হবে শিক্ষক নিয়োগ। তার সঙ্গে হবে ইংরেজি এবং যে মাধ্যমের স্কুলে শিক্ষকতা করবেন সেই প্রার্থী সেই মাধ্যমের ওপর পরীক্ষা। ইংরেজি এবং সংশ্লিষ্ট মাধ্যমে পরীক্ষার জন্য ১০০ নম্বর বরাদ্দ থাকবে। এটার গুরুত্ব থাকবে ১০০ নম্বরের এবং প্রিলিমিনারি টেস্টের গুরুত্ব থাকবে ১০০ নম্বরের। অর্থাৎ মোট ৩০০ নম্বরের নিরিখে পরীক্ষা হবে শিক্ষক নিয়োগের।
৪) যত সংখ্যক শূন্য পদ থাকবে তত সংখ্যক নামের মেধাতালিকা প্রকাশ হবে। কোন ওয়েটিং লিস্ট থাকবে না।
৫) বিধিতে বলা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করবে স্কুল সার্ভিস কমিশন।
৬) তবে সবক্ষেত্রেই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর নিয়ম মেনে।
৭) নিয়োগের নয়া বিধি অনুযায়ী চাকরিপ্রার্থীদের প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক বিভাগের জন্য আলাদা করে আবেদন করতে হবে না ৷ একবার আবেদন করলেই শূন্যপদের সংখ্যা অনুযায়ী নিয়োগ করা হবে ৷
বিধানসভা ভোটের আগেই বিপুল শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SSC, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষক নিয়োগের নিয়মে অনেকটাই সরলীকরণ করা হবে। শুধু এখানেই শেষ নয়, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায় তার জন্য সরকার সবরকম পরিকল্পনা নিয়েছে বলেও একাধিকবার দাবি করেছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের তরফে শিক্ষক নিয়োগের ক্ষেত্র যে তৈরি হতে চলেছে সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষা মন্ত্রী।







