মনমোহন সিংয়ের প্রয়াণে নীরব ক্রীড়া ও বিনোদন জগত, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তথাকথিত রোল মডেলদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা অভিষেক। মনমোহনের প্রয়াণে শোকবার্তার অভাব কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রয়াণে দেশের রাজনৈতিক মহল থেকে শোকবার্তা এলেও, ক্রীড়া ও বিনোদন জগতে অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে। এই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি এই তারকাদের দায়িত্ববোধ এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারত এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে, যাঁর সংস্কারমুলক পদক্ষেপ দেশের অর্থনীতি এবং উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু বিনোদন এবং ক্রীড়া জগতের অধিকাংশ প্রথম সারির তারকা এই নিয়ে ন্যূনতম শোকবার্তাটুকুও প্রকাশ করেননি। এটি দুঃখজনক এবং দায়িত্ববোধের অভাবের স্পষ্ট উদাহরণ।”

অভিষেকের মতে, এই তথাকথিত রোল মডেলদের নীরবতা সরকারের প্রতি ভীতির ইঙ্গিত। তিনি আরও বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব থাকা যেন এঁদের অভ্যাসে পরিণত হয়েছে। মণিপুর সহ কৃষক আন্দোলন বা সিএএ-এনআরসি’র মতো ইস্যুতে এঁরা কখনোই মুখ খোলেননি। এর অর্থ, সাধারণ মানুষের জীবনের চ্যালেঞ্জ ও সংগ্রামে এঁরা সম্পূর্ণ নির্লিপ্ত।”

অভিষেক আমজনতার কাছে আবেদন জানিয়েছেন, “নিজেদের রোল মডেল নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। এই তথাকথিত তারকাদের কাছে দায়িত্ববোধ আশা করা আমাদের কর্তব্য। কারণ, এঁরা সাধারণ মানুষের ভালোবাসার কারণেই সম্মান এবং অর্থ অর্জন করেছেন।”

ড. মনমোহন সিং ভারতের অর্থনীতিতে বৈপ্লবিক সংস্কারের জনক। মিতভাষী এবং নিরপেক্ষ এই রাজনীতিবিদ দেশের অন্যতম সেরা ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে গোটা রাজনৈতিক মহল শোকবার্তা জানিয়েছে। তবে ক্রীড়া এবং বিনোদন দুনিয়ার এই নীরবতা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত