‘দু’বার হারিয়েছি, আবারও হারাব’! বিশ্বকাপ সেমির আগে এমবাপেদের প্রকাশ্য চ্যালেঞ্জ ইয়ামালের

বিশ্বকাপ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে স্পেন শিবির। ফ্রান্সকে ভয় নয়, বরং টানা তৃতীয়বার হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামার বার্তা দিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ১৪ জুলাইয়ের মহারণ ঘিরে তুঙ্গে উত্তেজনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্পেন বনাম ফ্রান্স মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার আগেই প্রতিপক্ষকে কড়া বার্তা দিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর দাবি, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং সাম্প্রতিক ইতিহাসই স্পেনের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি। টানা দু’বার হারানোর পর এবারও এমবাপেদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্পেন।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন, যা তাদের রক্ষণভাগের দৃঢ়তারই প্রমাণ।

অন্যদিকে আক্রমণে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে একাই করেছেন ৮ গোল। উসমান দেম্বেলের ঝুলিতে রয়েছে ৫ গোল। ছয় ম্যাচে ফরাসি দলের মোট গোলসংখ্যা ১৬। ফলে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে।

সোমবার ১৯ বছরে পা দেবেন ইয়ামাল। তার আগেই সেমিফাইনাল নিয়ে নিজের আত্মবিশ্বাস স্পষ্ট করে দিয়েছেন স্প্যানিশ উইঙ্গার। তাঁর কথায়, এই ম্যাচের অপেক্ষায় ছিলেন বিশ্বকাপের শুরু থেকেই। বিশ্বের সেরা দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পেন কাউকে ভয় পায় না। বরং সাম্প্রতিক ফলাফলই প্রমাণ করে ফ্রান্সের চিন্তা করার কারণ বেশি।

ইয়ামাল আরও বলেন, এই ম্যাচের সামনে মাত্র দুটি সম্ভাবনা রয়েছে—হয় ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠবে, নয়তো স্পেন টানা তৃতীয়বার তাদের হারাবে। কীভাবে এই ম্যাচ খেলতে হবে, তা স্পেন খুব ভালোভাবেই জানে বলেও আত্মবিশ্বাসী তিনি।

সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। ২০২৫ সালের নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন ইয়ামাল। তারও আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ওই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে ইয়ামালের দুর্দান্ত গোল বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ইয়ামালের গোলসংখ্যা মাত্র একটি। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। তাঁর স্পষ্ট বার্তা, বিশ্বকাপ জিততে পারলে কে কত গোল করেছে, তা কেউ মনে রাখবে না। দলের লক্ষ্য একটাই—বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। সেই লক্ষ্য নিয়েই ১৪ জুলাইয়ের সেমিফাইনালে মাঠে নামবে স্পেন। এখন দেখার, ইয়ামালের আত্মবিশ্বাস বাস্তবের রূপ পায়, নাকি এমবাপের ফ্রান্সই টিকিট কাটে ফাইনালের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন