ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার রোহিত শর্মা কি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন? সম্প্রতি এই বিষয়ে অনেক আলোচনা এবং জল্পনা শুরু হয়েছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর। তবে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এবং রোহিতকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সৌরভের মতে, মাত্র কয়েক মাস আগে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার অবসর নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। তিনি বলছেন, “রোহিত খুব ভালো খেলছে এবং ভারত এখনও শক্তিশালী। ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত রয়েছে। একই দল খেলবে।”


এছাড়া, সৌরভ আরও জানান, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। সৌরভ বলেন, “নির্বাচকরা কী ভাবছেন, সেটা আমি জানি না। তবে রোহিত খুবই ফর্মে আছেন।”
এদিকে, সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আলোচনা করবেন। যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তবে রোহিত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। তবে, রোহিত ফাইনালের আগে নিজের অবসর প্রসঙ্গ এড়িয়ে গেছেন এবং সাংবাদিক সম্মেলনে আসেননি।
ফাইনালের আগে শুভমন গিলকে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “ড্রেসিংরুমে বা আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। রোহিত ভাইও এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে ভাবছে। তাই এই মুহূর্তে সে বিষয়ে কিছু জানি না।”









