‘বিশ্বকাপের ম্যাচ নিয়ে হুমকি কেন?’ পাকিস্তান বোর্ডকে তীব্র তোপ সৌরভের

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি নিয়ে পিসিবিকে তীব্র সমালোচনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর মতে, বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, এমন সিদ্ধান্ত অযৌক্তিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের আবহে সরব হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বয়কট হুমকিকে একেবারেই অযৌক্তিক বলে কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, বিশ্বকাপের মতো মঞ্চে এমন সিদ্ধান্ত ক্রিকেটেরই ক্ষতি করবে।

পাকিস্তান সরকারের নির্দেশে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকার করায় তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করা হয়েছিল আইসিসির কাছে। তবে সেই আবেদন খারিজ হয়। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ, আর তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর জাতীয় দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার নির্দেশ দেওয়া হয়। যদিও পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায় হচ্ছে এবং ভারত-পাক ম্যাচটিও সেখানে হওয়ার কথা।

এই সিদ্ধান্তেই বিস্ময় প্রকাশ করেছেন সৌরভ। তাঁর কথায়, “এতে বিশ্বকাপ থেকে পিছিয়ে আসার কী দরকার? ওরা তো শ্রীলঙ্কাতেই খেলবে। আমি অবাক যে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ।”

এরই মধ্যে ‘ফোর্স মেজর’ ধারা ব্যবহার করে ম্যাচ বর্জনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। সেই ইস্যুতে লাহোরে আলোচনায় বসেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সূত্রের খবর, পাকিস্তানের যুক্তি গুরুত্ব না পাওয়ায় শেষ পর্যন্ত ভারত-পাক ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। এই ম্যাচ না খেললে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান একঘরে হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভারতের পারফরম্যান্স নিয়েও আশাবাদী সৌরভ। ইউএসএ-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিং চাপে পড়লেও ভারতের আক্রমণাত্মক কৌশলকেই সমর্থন করেছেন তিনি। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক মানসিকতাই সাফল্যের চাবিকাঠি।

সৌরভ বলেন, “এটা টি-টোয়েন্টি ক্রিকেট—এখানে আপনাকে ক্রমাগত আক্রমণ করতে হবে। এমন ম্যাচ আসবে, যেখানে ব্যর্থতা থাকবে। কারণ, ওরাও মানুষ।”

ভারতীয় দলকে শক্তিশালী বলেই মনে করছেন তিনি। “ব্যাটিং, বোলিং, স্পিন, ফিল্ডিং—সব দিকেই দল শক্তিশালী। টুর্নামেন্ট এগোলে ছন্দও ফিরে আসবে। আমি ভারতকে ফেভারিট মনে করি, ওদের হারানো খুব কঠিন হবে,”—যোগ করেন প্রাক্তন অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন