যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার দিন মাঠে তাঁকে কার্যত দেখা যায়নি। তবু সেই ঘটনার রেশে জনরোষ ও সামাজিক মাধ্যমে কুৎসার মুখে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নিজের সুনাম নষ্টের অভিযোগে এক মেসিভক্ত ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।
কলকাতা পুলিশের সাইবার সেলে দায়ের করা অভিযোগে সৌরভ জানিয়েছেন, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর মানসিক শান্তি ও সামাজিক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।


প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতি ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসিকে সরাসরি দেখতে না পেরে উত্তেজিত দর্শকদের একাংশ ভাঙচুরে জড়িয়ে পড়েন। ওই দিন সৌরভ মাঠে উপস্থিত থাকলেও দর্শকদের বোতলবৃষ্টি ও অশান্তির মধ্যে বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি।

এর পরই একাধিক সাক্ষাৎকার ও মন্তব্যে উত্তম সাহা সৌরভের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, মেসির ভারত সফরের নেপথ্যে সৌরভই রয়েছেন এবং প্রকৃত উদ্যোক্তাকে আড়াল করা হয়েছে। এই মন্তব্যগুলিকে ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ বলে দাবি করেছেন সৌরভ।


পুলিশে জমা দেওয়া অভিযোগে সৌরভ স্পষ্ট করেছেন, তিনি শুধুমাত্র সরকারি অতিথি হিসেবে অনুষ্ঠানে গিয়েছিলেন। মেসির সফরের আয়োজন বা পরিকল্পনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল না। তা সত্ত্বেও তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হচ্ছে বলে অভিযোগ।
আইনি পথে আরও এক ধাপ এগিয়ে উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সৌরভ। একই সঙ্গে পাঠানো হয়েছে আইনি নোটিস। সৌরভের দাবি, এই ধরনের মন্তব্য কেবল তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি নয়, দেশের ক্রীড়াক্ষেত্রের সুনামকেও আঘাত করছে।
উল্লেখ্য, অভিযুক্ত উত্তম সাহা একজন রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি বলেও পরিচিত। যুবভারতী কাণ্ডের পর থেকে গোটা ঘটনার দায় কার, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও, সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন।
আর সৌরভের এই অভিযোগের পর পুলিশের তরফে এখনও কোন পদক্ষেপের বার্তা নেই। তবে সৌরভ যেহেতু বাংলার তথা ভারতের এক জন বিশিষ্ট ব্যক্তি, তাই মনে কড়া হচ্ছে আগামী সময়ে এই নিয়ে পুলিশের তরফে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে।







