এসআইআর শুনানির নোটিস কেন পেলেন দেব ও শামি? স্পষ্ট করল কমিশন

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যোগ প্রমাণ না থাকায় সাংসদ-অভিনেতা দেব ও ভারতীয় ক্রিকেটার শামিকে নথি-সহ হাজিরার নির্দেশ নির্বাচন কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম অসম্পূর্ণ জমা দেওয়ার কারণে শুনানির নোটিস পেলেন সাংসদ-অভিনেতা দেব এবং ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ শামি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট নথি নিয়ে তাঁদের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে।

কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, দেব ও শামি—দু’জনেই এনুমারেশন ফর্মের কেবল উপরের অংশ পূরণ করেছিলেন। কিন্তু ভোটার তালিকা যাচাইয়ের জন্য যে তথ্যগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই নীচের অংশ প্রায় সম্পূর্ণ ফাঁকা ছিল। ফলে তাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও সংযোগ প্রাথমিকভাবে চিহ্নিত করা যায়নি।

সূত্রের খবর, দেব ফর্মের উপরের অংশে নিজের জন্মতারিখ, মোবাইল নম্বর, বাবা ও মায়ের নাম লিখেছিলেন। তবে আধার নম্বর কিংবা বাবা-মায়ের এপিক নম্বর উল্লেখ করেননি। পাশাপাশি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কি না—এই সংক্রান্ত দু’টি ঘরই ফাঁকা রেখেছিলেন তিনি।

অন্য দিকে, মহম্মদ শামি জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর এবং বাবা-মায়ের নাম লিখলেও তাঁদের এপিক নম্বর দেননি। নীচের অংশে তিনিও কোনও তথ্য পূরণ করেননি। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, দেবের ফর্মে ছবি সংযুক্ত থাকলেও শামির ফর্মে সেটিও ছিল না।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের যোগ প্রমাণ করতে পারেননি, তাঁদের প্রাথমিক ভাবে ‘আনম্যাপড ভোটার’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই শ্রেণির ভোটারদের শুনানিতে ডেকে প্রয়োজনীয় নথি যাচাই করা হচ্ছে।

কমিশনের হিসেব অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ১.৩৬ কোটি ভোটার বর্তমানে সন্দেহজনক তালিকায় রয়েছেন। প্রয়োজনে তাঁদেরও পর্যায়ক্রমে শুনানিতে তলব করা হতে পারে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

উল্লেখ্য, দেবের পরিবারের আরও তিন সদস্যও শুনানির নোটিস পেয়েছেন। তাঁদের ক্ষেত্রে এনুমারেশন ফর্মে ঠিক কী ধরনের ত্রুটি ছিল, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানিতে হাজিরা দিয়ে প্রয়োজনীয় নথি জমা দিলেই বিষয়টি নিষ্পত্তি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন