সিঙ্গুরে বিনিয়োগের নতুন অধ্যায়! ৫০০ কোটির ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রিসভা

এক সময় টাটাদের বিদায়ের সিঙ্গুরেই এ বার ৫০০ কোটির বিনিয়োগে সবুজ সঙ্কেত। শিল্প, বিদ্যুৎ ও পরিকাঠামোয় একাধিক বড় সিদ্ধান্ত নবান্নে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এক সময় যাঁর আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়ে গিয়েছিল টাটা গোষ্ঠী, সেই সিঙ্গুরেই এ বার ৫০০ কোটি টাকার শিল্প বিনিয়োগে সবুজ সঙ্কেত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিঙ্গুরে একটি বৃহৎ ওয়্যারহাউস প্রকল্পে সম্মতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে রাজ্যের শিল্পনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠক শেষে জানান, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড এই প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সংস্থাকে ৯৯ বছরের জন্য লিজে ১১.৩৫ একর জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার।

ই-কমার্স পরিষেবায় গতি আসবে সিঙ্গুরের ওয়্যারহাউস থেকে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ওয়্যারহাউস প্রকল্প চালু হলে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সংস্থার লজিস্টিক পরিষেবা আরও মসৃণ হবে। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, ২০০৮ সালের অক্টোবরে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী বিদায় নেওয়ার পর তৎকালীন বামফ্রন্ট সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্পবিরোধী বলে কটাক্ষ করেছিল। সেই রাজনৈতিক প্রেক্ষাপটের প্রায় সাড়ে ১৪ বছর পর, একই সিঙ্গুরে ৫০০ কোটির বিনিয়োগে সিলমোহর দিল তাঁর নেতৃত্বাধীন সরকার—যা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিদ্যুতের চাহিদা মেটাতে ১৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র

রাজ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মন্ত্রিসভার বৈঠকে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পটি পিপিপি (Public-Private Partnership) মডেলে গড়ে তোলা হবে।

নিলাম প্রক্রিয়ায় জেএসডাব্লিউ এনার্জি লিমিটেড প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.৮১ টাকা দরে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দেয়। পরিকল্পনা অনুযায়ী, নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্টে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট তৈরি হবে।

এই প্রকল্পের জন্য কোথায় জমি নেওয়া হবে, তা সংশ্লিষ্ট সংস্থাই ঠিক করবে এবং জমি অধিগ্রহণের দায়িত্বও সংস্থারই থাকবে, জানিয়েছে রাজ্য সরকার।

মাদার ডেয়ারি ও বাংলা ডেয়ারি একীভূত

মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদার ডেয়ারি ক্যালকাটা ও বাংলা ডেয়ারিকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন সংস্থাটি ‘বাংলা ডেয়ারি’ নামেই পরিচিত হবে।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মাদার ডেয়ারির দুধ ও দই দীর্ঘদিন ধরেই রাজ্যে জনপ্রিয়। একীভূতকরণের ফলে উৎপাদন ও বিপণন ব্যবস্থায় আরও দক্ষতা আসবে বলে আশা করা হচ্ছে।

জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ও প্রশিক্ষণ কেন্দ্র

হাওড়ার অঙ্কুরহাটিতে ০.৫ একর জমি জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে গয়না শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের প্রশিক্ষণের দায়িত্বে থাকবে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর।

বিভিন্ন শিল্প পার্কে জমি বরাদ্দে ছাড়পত্র

পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের আওতায় একাধিক শিল্প পার্কে জমি বরাদ্দের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা—

  • বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ৩০.৪২ একর

  • পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ১.৩৭ একর

  • হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ২.৭৭ একর

  • জঙ্গল সুন্দরী কর্মনগরী: ১৫৫ একর

এ ছাড়াও ডোমজুড়ের জেমস অ্যান্ড জুয়েলারি পার্কে ২০,২৬০ বর্গফুট অফিস স্পেস বরাদ্দ করা হয়েছে।

প্রশাসনের আশা, নতুন গতি পাবে শিল্প ও পরিকাঠামো

একাধিক শিল্প, বিদ্যুৎ ও পরিকাঠামো সংক্রান্ত সিদ্ধান্তে রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে—এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর