নজরবন্দি ব্যুরো: অরিজিৎ সিং, নামটা শুনলেই যেন মন ভালো হয়ে যায়। এই একটি নামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় সমস্ত ভারতবাসীর আবেগ, ভালোবাসা। বিগত কয়েক বছরে গানের মাধ্যমে এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন। তাঁর গান ছাড়া যেন ইন্ডাস্ট্রির বই অসম্পূর্ণ। মুর্শিদাবাদের এক সাধারণ গ্রামের ছেলে কি ভাবতে পেরেছিলেন যে আজ তিনি কার্যত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাবেন। অরিজিতের জন্মদিনে এক নজরে দেখে নিন তাঁর এই সফল জার্নি।


টিভি রিয়্যালিটি শো ‘গুরুকুল’ থেকে প্রথম ক্যামেরার সামনে আসেন অরিজিৎ সিং। যদিও তিনি রিয়্যালিটি শো জিততে পারেননি। আট নম্বর স্থানে পৌঁছেই বিদায় জানাতে হয়েছিল তাঁকে। তবে এই শো থেকেই নিজের গলার স্বর এবং দুর্দান্ত গানের প্রতিভার জন্য প্রশংসা পেতে শুরু করেছিলেন গায়ক।

বাংলার ছেলে আজ জনপ্রিয়তার শিখরে, অরিজিতের জন্মদিনে বিশেষ নিবেদন
এই রিয়্যালিটি শোয়ের পর অরিজিৎ মুম্বই চলে আসেন গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে। পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। রণবীর কাপুর-সোনম কাপুর অভিনীত ‘সাওয়ারিয়া’ ছবিতে ‘ইউ সবনামী’ গানটি গেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর গাওয়া গানটি ছবিতে দেখানো হয়নি।

২০১১ সালে মার্ডার ২ ছবিতে গান গেয়ে আক্ষরিক অর্থে বলিউডে গায়ক হিসেবে যাত্রা শুরু করেন অরিজিৎ। ২০১৩ সালে ‘আশিকী ২’ ছবিতে ‘তুম হি হো’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। এই গানের জন্য প্লে ব্যাক সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার সহ একাধিক অ্যাওয়ার্ড তাঁর ঝুলিতে আসে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এতগুলি বছর ধরে বিভিন্ন ছবিতে গান গেয়ে চলেছেন তিনি।



অসাধারণ গায়কের পাশাপাশি নিজের সাধারণ জীবনযাপনের জন্য চর্চায় উঠে এসেছেন অরিজিৎ। মুর্শিদাবাদে নিজের বাড়িতে এলে তারকা তকমা সরিয়ে হয়ে ওঠেন ঘরের ছেলে। আর পাঁচজন সাধারণ মানুষের মতই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে।







