ফের গুলিবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাংলায়। বৃহস্পতিবার কামারহাটির (Shootout at Kamarhati) ষষ্ঠীতলায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন ১৩ রাউন্ড গুলি চলেছে।



আরও পড়ুন: প্রভাবশালী অভিযুক্তদের দখলে SSKM হাসপাতালের বেড, বঞ্চিত সাধারণ মানুষ! রিপোর্ট তলব হাইকোর্টের
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কামারহাটির (Kamarhati) ষষ্ঠীতলায় ঘটনাটি ঘটে। দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। তৃণমূল কর্মী কাল্লু ওরফে আসিফকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপর দ্রুত সেখান থেকে চম্পট দেয়। গুলির আওয়াজে এলাকায় শোরগোল পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরাই ছুটে এসে তৃণমূল কর্মীকে গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।



জানা গিয়েছে, তৃণমূল (TMC) কর্মী কাল্লুর হাতে ও পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন প্রায় ১৩ রাউন্ড গুলি চলেছে। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এই শুটআউটের পিছনে রাজনীতির যোগ রয়েছে। গোটা এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
মদনের এলাকায় প্রকাশ্যে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল ১৩ রাউন্ড গুলি

উল্লেখ্য, কয়েকদিন আগেই কাল্লু ওরফে আসিফ হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস করেছিলেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করার কাজ চলছে।







