নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘন্টা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যতই এগিয়ে আসছে প্রতিদিন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি এবং শাসক দলের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের বর্ণনা দেওয়ার পাশাপাশি চলছে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট ভাগাভাগির চেষ্টাও!
আরও পড়ুনঃ SACT বাতিল সহ একাধিক দাবিতে চাকুরীপ্রার্থীদের বিক্ষোভ, রণক্ষেত্র সল্টলেক
সম্প্রতি তৃণমূলের অনেক বড় বড় নেতা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও পীরজাদা আব্বাস সিদ্দিকির বৈঠকের পর রাজ্যের মুসলিম ভোট ভাগাভাগি হতে পারে বলে চিন্তায় পড়েছেন। এবার জানা যাচ্ছে যে শিবসেনা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে আসবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বিজেপি বিরোধী দলগুলি এই খবর পাওয়ার পরেই রাজ্যের বিজেপি নেতাদের হার্টবিট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কটাক্ষ করছে।
মহারাষ্ট্রের শিব সেনা সূত্রে জানা গিয়েছে যে,সম্প্রতি দলের শীর্ষ নেতারা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ১০০টি আসনে শিব সেনার প্রার্থী দেওয়া হবে। এর জন্য আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে এসে এখানকার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অনিল দেশাইয়ের।



