শতরূপকে ইঁদুরের সাথে তুলনা, পাল্টা কুণালকে মোক্ষম জবাব বাম নেতার!

কুণাল আজ সকালে ফেসবুকে একটি ছবি দেন। সেই ছবিতে কুণালের হাতে ছিল একটি বাচ্চা ইঁদুর! তৃণমূল নেতা পোস্টের ক্যাপশনে লেখেন, 'নাম রাখছি শতরূপ'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুণাল ঘোষ ও শতরূপ ঘোষ। দিনের পর দিন দু’জন যেন যুযুধান প্রতিপক্ষ হয়ে উঠছেন। এর আগেও নানান সময় টিভির পর্দায় দুই ঘোষকে নিজের নিজের দলের হয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়তে অনেকেই দেখেছেন। আর এবার সমাজমাধ্যমে বিতর্কে জড়ালেন কুণাল ও শতরূপ। আর তাঁদের ক্রিয়া-প্রতিক্রিয়ায় তুমুল হইচই নেটাগরিকদের মধ্যে। কী এমন ঘটল?

কুণাল ঘোষ আজ সকালে ফেসবুকে একটি ছবি দেন। সেই ছবিতে কুণালের হাতে ছিল একটি বাচ্চা ইঁদুর! তৃণমূল নেতা পোস্টের ক্যাপশনে লেখেন, ‘নাম রাখছি শতরূপ’। এই পোস্টের পাল্টা জবাব দিতে ছাড়লেন না বাম নেতা। তিনি এই ছবিটিকেই রি-পোস্ট করে লিখলেন, ‘ধন্যবাদ কুনালদা। মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতাস্বরূপ পাশের জেলবন্দী খরগোশটার নাম রাখলাম কুনাল ঘোষ।’

শতরূপের এই পোস্টের পরেই কুণাল ফের লেখেন, “নানান উত্তরে মজা পাচ্ছি। জানেন, খরগোশ, ইঁদুর সকলেই খাঁচাতেই থাকে। আমার ইচ্ছে হয়েছে তাই ইঁদুরটা বার করে হাতে নিয়েছি। একটু পর ওটা ভেতরে, খরগোশ বাইরে। আসল কথা হল, এরা আমার হাতে থাকে। এরা পোষ্য। ভালোবাসি। এদের নিয়ে আমি খেলা করি। ইঁদুর আমার তালুবন্দি থাকে।”

একটা বিষয় সত্যি, কুণাল ঘোষ ও শতরূপ ঘোষ দু’জনেই অত্যন্ত সুবক্তা। নিজের নিজের যুক্তি শানিয়ে দু’জনেই একে অপরকে আক্রমণ করে থাকেন। বলা যেতে পারে, দু’জনেই দলের একেবারে অনুগত সৈনিক। বর্তমানে সমাজমাধ্যম রাজনীতির একটা বড় অংশ হয়ে উঠছে। সমাজমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়। সেখানে কুণাল ও শতরূপ নানান সময় বিতর্কে জড়িয়েছেন। এবারেও তার অন্যথা হল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত