নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ফের বিরোধী জোট ঘিরে জল্পনা তুঙ্গে! দেশের বিরোধী দলগুলি একজোট হয়ে বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর পরিকল্পনা! এই জল্পনা আরও একবার উস্কে দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মুম্বইতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। গত এপ্রিল মাসেই কলকাতায় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
আরও পড়ুন: Opposition Meeting: মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন, কংগ্রেস-তৃণমূলে দূরত্ব মিটবে?


জনতা দল নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে এনসিপি সভাপতি বলেন, “আমি জানতে পেরেছি যে নীতীশ কুমার আগামী ১১ তারিখ মুম্বই সফরে আসছেন। আমরা অবশ্যই দেখা করব যদিও আমার কাছে সমস্ত তথ্য নেই। আমাদের মূল উদ্দেশ্য বিজেপি সরকারের বিকল্প নিয়ে আসা।” তিনি আরও বলেন, “মমতা হোক বা নীতীশ সকলেরই একই উদ্দেশ্য। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

গতমাসেই কলকাতা সফরে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। তখনই ঘরোয়া বৈঠকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছিল, মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন হতে চলেছে চলতি মাসেই। আগামী ১৭ অথবা ১৮ তারিখ পাটনায় একই ছাদের তলায় আসতে চলেছে সমস্ত দলগুলি।



সূত্রের খবর, মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন -এ উপস্থিত থাকতে পারেন এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনা (উদ্ধভ গোষ্ঠী) প্রধান উদ্ধভ ঠাকরে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকার কথা সীতারাম ইয়েচুরি, ডি রাজাদেরও।
মুম্বইতে নীতীশ কুমারের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের আগে একজোট বিরোধী জোট?








