নজরবন্দি ব্যুরোঃ অনেক দিন পর ফের নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাদশা শাহরুখ। তাঁর নতুন ছবির গান মাত্র দু’দিনে তিন কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে। ছবির নাম ‘পাঠান’। ছবির ‘বেশরম’ গান। কারও পছন্দ হয়েছে, কেউ আবার অশালীনতার অভিযোগে সরব হয়েছেন। এবার উঠল সুর চুরির অভিযোগ।

সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, ফরাসি গানের সুর নকল করে তৈরি শাহরুখ-দীপিকার ছবির গানটি। শুধু অভিযোগেই ক্ষান্ত হয়নি। তারা রীতিমতো টুইটারে ‘বেশরম রং’-এর ইন্ট্রোর সঙ্গে ‘মেকেবা’-র মিল পাশাপাশি রেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে! এরপরেই রীতিমতো কটাক্ষ ছোড়া হয়েছে সঙ্গীতকার বিশাল-শেখরের দিকে।

ব্যঙ্গের সুরে বলা হয়েছে, ছবির গান হিট করাতে বিদেশি সুর ধার করতে হচ্ছে দেশি গায়কদের! চর্চিত গানটি গেয়েছেন শিল্পা রাও, কারালিসা মনটেইরো, বিশাল এবং শেখর। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
মুক্তির আগেই বিতর্কে শাহরুখ-দীপিকার পাঠান, ফরাসি গান চুরির অভিযোগ

অভিযোগ গানের প্রথমে যে সুরটি ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা জেইনের একটি মিউজিক ভিডিও থেকে নেওয়া হয়েছে। দু’টি গানের মধ্যে মিল দেখা ভিডিও কোলাজ করেও ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ছবি মুক্তির আগেই বিতর্কে বাদশার নতুন সিনেমা ‘পাঠান’।



