নজরবন্দি ব্যুরো: চার বছরের বিরতি কাটিয়ে চলতি বছরের শুরুতেই পাঠান দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। এরপর জওয়ান, সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ সালটা শাহরুখের সফলতার চিহ্ন হয়ে থাকবে, একথা বললেও ভুল হবে না। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গেই এসেছে আরও এক উদ্বেগজনক খবর। কিং খানকে খুনের হুমকি, এই কারণে দ্রুত শাহরুখের নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


জানা গিয়েছে, বিশ্বব্যাপী শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ দারুণ ব্যবসা করছে, বিশাল সাফল্যের গণ্ডি পেরিয়েছে, এরপরই তাঁর কাছে হুমকি ফোন আসতে শুরু করে। অভিনেতা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই নিরাপত্তা বাড়ানো হল এসআরকের। মহারাষ্ট্র সরকারের নির্দেশের পরই শাহরুখের ভিআইপি সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। এবার থেকে তিনি পাবেন ওয়াই প্লাস ক্যাটাগরির (Y+ Catagory) নিরাপত্তা। অভিনেতা নিজেই এই নিরাপত্তার ব্যয়ভার বহন করবেন। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা অঙ্কের টাকা দেবেন তিনি।

সূত্রে খবর, এবার থেকে শাহরুখ খানের সঙ্গে দেহরক্ষী হিসেবে ছয় পুলিশ কমান্ডো পাবেন। মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসাবে থাকবে এমপি-5, AK-47 অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। কিং খানের বাসভবন ‘মন্নত’-এর নিরাপত্তারক্ষী হিসেবে থাকবেন চারজন সশস্ত্র পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পাওয়ার পর বলিউডের ‘ভাইজান’ সলমন খান ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।



শাহরুখ অভিনীত ‘জওয়ান’ বলিউডের প্রথম ছবি যা বক্স অফিসে ১১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। গত ৭ সেপ্টেম্বর এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পায়। শাহরুখের সঙ্গে পরিচালক অ্যাটলির এটাই প্রথম কাজ। এমনকি পরিচালক হিসেবে অ্যাটলির প্রথম হিন্দি ছবি ‘জওয়ান’।







