নজরবন্দি ব্যুরোঃ মমতা আমাদের লোক, এভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেসের শীর্ষস্তরের নেতা বীরাপ্পা মইলি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নজিরবিহীনভাবে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। বাংলায় কংগ্রেসের ভরাডুবির জন্যে সোজাসুজি অধীর চৌধুরীকে দায়ী করেছেন কংগ্রেস নেতা। কেন্দ্রীয় নেতার ব্যাখ্যা, বাংলায় কংগ্রেসের উচিত ছিল তৃণমূলের সঙ্গে জোট করা।


বীরাপ্পা বলছেন, মমতা আমাদের লোক আর তাকেই কিনা সর্বদা আক্রমণ! তাঁর কথায়, ”মমতা তো আমাদেরই লোক। তৃণমূল তৈরির আগে কংগ্রেসেই ছিলেন। বাংলায় যেহেতু মমতাই বিজেপির (BJP) বিরুদ্ধে লড়ছিলেন, তাই আমাদের উচিত ছিল তৃণমূলের সঙ্গেই জোট করা। বাম এবং আইএসএফের সঙ্গে জোট করার থেকে তৃণমূলের সঙ্গী হলে দলের জন্য ভাল হত।”
অধীর চৌধুরী শুধু মমতার নামে কটু কথা বলে নাম কেনার চেষ্টা করেছেন বলে ব্যাখ্যা করেন মইলি। তিনি বলেন, ”অধীর দুর্বল নেতা। মাটির সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই। শুধুমাত্র মমতাকে কটু কথা বলেই ও নেতা হয়েছে। ও যেভাবে মমতাকে বাজে কথা বলেছে, সেটা মানুষ মেনে নেয়নি। এমনকী আমাদের নিজেদের কর্মীরাও আমাদের ছেড়ে মমতাকে সমর্থন করেছেন। আমাদের শক্তিশালী জায়গাতেও এবার তৃণমূল জিতে গিয়েছে।”
অধীর কে আক্রমণ করে বীরাপ্পা বলেন, ”যার ভুল নীতিতে বাংলায় কংগ্রেসের এই ভরাডুবি, সেই লোকটা এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি পদে। এখনও লোকসভার কংগ্রেস দলনেতার পদে। লোকটা শাস্তি পেল না।” বীরাপ্পা বলেন, এতকিছুর পরেও যদি অধীর কে শাস্তি দেওয়া না হয় তাহলে কংগ্রেস দলের মান মর্যাদা বলে কিছু অবশিষ্ট থাকেনা।


উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাম এবং আব্বাস সিদ্দিকির আইএসএফের সাথে জোট করেছিল কংগ্রেস। সংযুক্ত মোর্চা নামক জোট ২৯৪টি আসনে লড়ে একটি মাত্র আসনে জয়ী হয়েছে। যদিও সেই জয়ের শিরোপা কংগ্রেস বা বামেদের মাথায় জোটেনি। একমাত্র আসনটি জিতেছে আইএসএফ। জয়ী বিধায়ক খোদ আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকি।







